হেরাতে মার্কিন উপদূতাবাসে হামলা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে মার্কিন উপদূতাবাসের (কনস্যুলেট) বাইরে আজ শুক্রবার ভোরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে ইসলামি জঙ্গি গোষ্ঠী তালেবান। এ সময় তালেবান জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিবিনিময় হয়েছে।

গুলিবিনিময়ের ঘটনায় দুই আফগান পুলিশ ও কনস্যুলেটের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ছাড়া নারী ও শিশুসহ ১৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। রয়টার্স ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

তালেবানের বরাত দিয়ে খবরে বলা হয়, আজ ভোরে উপদূতাবাস ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। আরও কয়েকজন হামলাকারী ভবন লক্ষ্য করে কয়েক দফা গুলি ছোড়ে। এ সময় নিরাপত্তা বাহিনীর কর্মীদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়।

আফগান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। বিস্ফোরণে মার্কিন কনস্যুলেটের বাইরের অংশের নিরাপত্তাব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারি হার্ফ জানান, হামলাকারীরা একটি ট্রাকে করে কনস্যুলেটের বাইরে এসে থামে। তাঁরা কনস্যুলেট লক্ষ্য করে রকেটচালিত গ্রেনেড ও গুলি ছোড়ে। আর ট্রাকে থাকা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হলে কনস্যুলেটের সামনের ফটক ক্ষতিগ্রস্ত হয়।

চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় তোরখাম এলাকায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তালেবান। ওই সময় বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়।