হেরে গেলেন ওবামা-ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আরেকজন আগামী গ্রীষ্মকালীন অলিম্পিকের আতিথ্যকর্তা। কিন্তু পারলেন না তাঁরা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নতি স্বীকার করলেন ১৬ বছর বয়সী দুই কিশোরের কাছে।যুক্তরাজ্য সফরের প্রথম দিন গত মঙ্গলবার বিকেলে দক্ষিণ লন্ডনের সাউথওয়ার্কের গ্লোব একাডেমিতে গিয়েছিলেন ওবামা। সেখানে দুই দেশের মধ্যকার পুরোনো ‘বিশেষ কূটনৈতিক সম্পর্ক’ ফুটিয়ে তুলতে তিনি ও ক্যামেরন খেলতে নামলেন টেবিল টেনিস কোর্টে। প্রতিপক্ষ জ্যাসন ডু ও জামিয়্যু মোজাজ নামের দুই কিশোর।খেলা শুরুর আগে ওবামা নিজেদের জয়ের ব্যাপারে ছিলেন পুরোদস্তুর আত্মবিশ্বাসী। কিন্তু তাঁর সহখেলোয়াড় ক্যামেরনের ছিল আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব। চেহারায় তাই ফুটে উঠেছিল। ক্যামেরনকে ওবামা জিজ্ঞেস করেন, ‘আমরা কি জিততে পারব?’ জবাবে ক্যামেরন বললেন, ‘আমি মনে করি না, আমরা পারব।’ খেলার আগে আত্মবিশ্বাসের এই ঘাটতি আর কাটিয়ে উঠতে পারেননি ক্যামেরন। ওবামা মোটামুটি খেলতে পারলেও ক্যামেরনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। ছোটদের কাছে ১১-০ পয়েন্টের ব্যবধানে হেরে গেছেন দুই বিশ্বনেতা।ইউরোপ সফরের অংশ হিসেবে ওবামা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকে তাঁর ফ্রান্সে যাওয়ার কথা। আজ বৃহস্পতিবার থেকে সেখানে শুরু হচ্ছে শিল্পোন্নত আটটি দেশের জি-৮ সম্মেলন। ডেইলি মেইল অনলাইন।