হেলিকপ্টারে বাইরে এলেন কারামুক্ত মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসনি মোবারক
হোসনি মোবারক

মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে গতকাল বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি দিয়ে হেলিকপ্টারে করে বাইরে নেওয়া হয়। তবে এখন থেকে তাঁকে গৃহবন্দী রাখা হবে বলে জানানো হয়েছে।
মিসরের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, চলমান জরুরি অবস্থার কারণে সরকার মোবারককে গৃহবন্দীরাখার সিদ্ধান্ত নিয়েছে। আদালতের নির্দেশে মোবারককে কায়রোর তোরা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
মিসরের এ মুহূর্তের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে মোবারককে মুক্তি দেওয়ার কারণে চলমান সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন। মোবারকের মুক্তিকে অনেকে আরব বসন্তের পর মিসরে যেসব পরিবর্তন হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকেতা পাল্টে দেওয়ার ইঙ্গিত হিসাবে মনে করছেন।
আদালত গত বুধবার বলেন, তিনটি মামলায় মোবারকের বিচার স্থগিত রেখে তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া যেতে পারে।
২০১১ সালে ক্ষমতাচ্যুত ৮৫ বছর বয়সী হোসনি মোবারককে কোথায় গৃহবন্দী রাখা হবে, তা জানানো হয়নি। সিনাই উপদ্বীপের শারম আল-শেখে অবস্থিত বাড়ি অথবা কোনো সামরিক হাসপাতালে তাঁকে অন্তরীণ রাখার সম্ভাবনা রয়েছে। দুর্নীতি ও ২০১১ সালে গণবিক্ষোভ চলাকালে প্রায় ৮৫০ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোবারকের বিরুদ্ধে মামলা হয়। তাঁকে দোষী সাব্যস্ত করে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে বিচারে পদ্ধতিগত ত্রুটির অভিযোগ এনে তাঁর পুনর্বিচারের আদেশ দেওয়া হয়। এএফপি ও রয়টার্স।