হেলে পড়ছে ‘বিগ বেন’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিগ বেন’ বলে পরিচিত যুক্তরাজ্যের বিখ্যাত ঘড়ির টাওয়ারটি হেলে পড়ছে। লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী পার্লামেন্ট ভবনও নদীগর্ভে বিলীন হওয়ার মুখে। গত সোমবার সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এসব কথা জানা যায়।ঘড়ি ও পার্লামেন্ট ভবন রক্ষায় প্রসিদ্ধ প্যালেস অব ওয়েস্টমিনস্টার সংস্কার করা হবে কি না, এ ব্যাপারে মন্ত্রিসভার সদস্যরা সোমবার সন্ধ্যায় বৈঠকে বসেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।সম্প্রতি জরিপকারীরা মাপজোঁখ করে দেখেন, বিগ বেন টাওয়ারটি উত্তর-পশ্চিম দিকে দশমিক ২৬ ডিগ্রি কোণে হেলে পড়েছে। ২০০৩ সাল থেকে এটি একটু একটু করে হেলে পড়ছে।এদিকে প্যালেস অব ওয়েস্টমিনস্টার ভবনের নিচে গাড়ি রাখার স্থান তৈরি ও নতুন পাতালপথ তৈরি করায় ভবনটির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এসব সংস্কারে সোমবার সন্ধ্যায় হাউস অব কমন্স কমিশন নামের একটি কমিটি বৈঠকে বসে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। এমপিদের কমিটি জানায়, ২০২০ সালের আগে এটার সংস্কারকাজ শুরু করা যাবে না। তবে তাঁরা জানান, কাঠামোগতভাবে ভবনটি ভালোই আছে।১৮৫৯ সালে বিগ বেন ঘড়ির টাওয়ারের কাজ শেষ হয়। এরপর সেখানে পাঁচতলা একটি গাড়ি রাখার ভবন তৈরি করা হয়। এ ছাড়া পাতালপথও তৈরি করা হয়। গত অক্টোবরে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের নির্মাণকাজের বিশেষজ্ঞ জন বারল্যান্ড এ ভবন পর্যবেক্ষণ করে জানান, টাওয়ারটি হেলে পড়ছে। তবে তা ১০ হাজার বছরের মধ্যে উদ্বেগের কারণ হবে না। এএফপি, বিবিসি।