হেসে তিনি গেলেন ফেঁসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনাস্থলে গিয়ে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু চীনের ওই পুলিশ কর্মকর্তা উল্টো হেসে ফেললেন। এই হাসির সূত্র ধরে তদন্ত করে কর্মকর্তারা উদঘাটন করলেন তাঁর ঘুষ নেওয়া ও অবৈধ অর্থসম্পদের মালিক হওয়ার অপরাধ। এখন ১৪ বছরের দণ্ডাদেশ পেয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, ২০১২ সালের আগস্ট মাসে চীনে এক সড়ক দুর্ঘটনায় ৩৬ জন ব্যক্তি নিহত হয়। ঘটনাস্থল থেকে তোলা একটি ছবিতে দেখা গেছে ইয়াং দাকাই নামের ওই পুলিশ কর্মকর্তা হাসছেন।

এ ছবি নিয়ে ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে। দাবি ওঠে, বিভিন্ন ছবিতে ইয়াং দাকাইয়ের হাতে নানা জাতের দামি ঘড়ি দেখতে পাওয়া গেছে। সরকারি চাকরি করে তিনি যে বেতন পান, তা দিয়ে এমন দামি দামি ঘড়ি তাঁর কিনতে পারার কথা নয়।

এর জের ধরে ইয়াংকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর কমিউনিস্ট পার্টির সদস্যপদ বাতিল করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়া ও অবৈধভাবে অর্জিত অর্থসম্পদের মালিক হওয়ার অপরাধে বিচার শুরু হয়।

যে হাসি নিয়ে এত কাণ্ড, সেই হাসির বিষয়ে ইয়াংয়ের বক্তব্য, ‘পরিবেশটা হালকা করতে ওই অসতর্ক মুহূর্তে আমি হেসে ফেলি। নিজেকে খানিকটা সহজ করতেও হেসে ফেলেছিলাম।’