হোটেলকর্মীর সঙ্গে যা ঘটেছে তা ‘নৈতিক স্খলন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কান গত রোববার স্বীকার করেছেন যে নিউইয়র্কের সোফিটেল হোটেলের কর্মীর সঙ্গে যা ঘটেছে, তা ছিল তাঁর ‘নৈতিক স্খলন’। তবে ওই হোটেলকর্মী বা অন্য কোনো নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।নিউইয়র্ক থেকে নিজের দেশ ফ্রান্সে ফেরার পর এই প্রথম এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সমাজতান্ত্রিক রাজনীতিক ও অর্থনীতিবিদ কান। টিএফআই নেটওয়ার্কের পক্ষ থেকে তাঁর এই সাক্ষাৎকার নেওয়া হয়। কানের স্ত্রীর বন্ধু ক্লেয়ার শাজাল এই সাক্ষাৎকার নেন।আইএমএফের সাবেক প্রধান স্বীকার করেন যে তিনি তাঁর স্ত্রী ও ফ্রান্সের মানুষকে আঘাত দিয়েছেন। এ ঘটনার ফলে তিনি সবকিছু হারিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আশাও যে জলাঞ্জলি দিয়েছেন, তা-ও তিনি স্বীকার করেন। সাক্ষাৎকারে কানের কণ্ঠে লড়াকু মনোভাব প্রকাশ পেলেও এতে অনুশোচনার ছোঁয়া ছিল।ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের আগে গত ১৪ মে ম্যানহাটন হোটেলের কক্ষে যা ঘটেছে, এ ব্যাপারে স্ত্রস কান বলেন, যা ঘটেছে তা হিংস্রতা বা বলপ্রয়োগ নয়, এতে কোনো অপরাধও ঘটেনি।হোটেলকর্মী নাফিসাতৌ দিয়ালোর সঙ্গে সাত মিনিট কাটানোর সময় সম্পর্কে কান বলেন, ‘এটি আমার নৈতিক স্খলন, যা নিয়ে আমি গর্বিত নই।’ তিনি জোর দিয়ে বলেন, তবে তাঁর গায়ে কোনো আঁচড়, ক্ষত বা আঘাতের চিহ্ন পাননি তদন্ত কর্মকর্তারা।দিয়ালো কানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনার পর তিনি আইএমএফ প্রধানের পথ থেকে সরে দাঁড়ান। বিবিসি ও এএফপি।