হোমস থেকে বিদ্রোহীদের হটাতে সিরীয় বাহিনীর ব্যাপক আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ২৬ দিন গোলাবর্ষণের পর বিরোধীদের হটিয়ে হোমস শহরের বাবা আমর এলাকার দখল নিতে ব্যাপক আক্রমণ শুরু করেছে সিরিয়ার স্থলসেনারা। তবে অবরুদ্ধ ওই শহরটির ভাগ্যে শেষ পর্যন্ত কী জুটেছে, তা স্পষ্ট নয়।সরকার ও বিদ্রোহীদের সূত্রগুলো বলেছে, সরকারি সেনারা বাবা আমর এলাকার বেশ কয়েকটি প্রবেশমুখ দিয়ে সম্মুখভাগে এগোনোর চেষ্টা করছে।সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র গত বুধবার দাবি করেছে, বাবা আমর এখন তাদের নিয়ন্ত্রণে। সিরীয় সেনারা সেখানে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্র ও ‘সন্ত্রাসীদের’ খুঁজছে। যদিও সামান্য কয়েকটি এলাকায় তারা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। সিরীয় কর্মকর্তাদের দাবি, শহরটি থেকে বিরোধী যোদ্ধাদের সম্পূর্ণ হটিয়ে দেওয়া এখন সময়ের ব্যাপার। তবে মানবাধিকারকর্মী ও বিদ্রোহীদের পক্ষ থেকে সরকারের এ দাবি নাকচ করে দিয়ে বলা হয়েছে, ওই এলাকার সম্মুখভাগেই কেবল লড়াই চলছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বাবা আমর দখলে সরকারি বাহিনীর চেষ্টা প্রতিহত করে দিয়েছে বিদ্রোহীরা। ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা দাবি করেছে, আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।এদিকে জাতিসংঘের মানবিক সাহায্যবিষয়ক প্রধান ভ্যালেরি আমোস অভিযোগ করেছেন, তাঁকে সিরিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এক বিবৃতিতে তিনি বলেছেন, সিরিয়ার মানবিক পরিস্থিতি ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত জনগণের কাছে বাধাহীন প্রবেশাধিকার নিয়ে সিরীয় কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের জন্য তিনি বারবার অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে।জাতিসংঘের কূটনীতিকেরা জানিয়েছেন, আমোস বর্তমানে তাঁর আবেদনের বিষয়ে সিরিয়ার সরকারের জবাব পেতে প্রতিবেশী লেবাননে অবস্থান করছেন।‘পরিষ্কার’ বার্তা নিয়ে দামেস্ক যাচ্ছেন কফি আনান: জাতিসংঘের সাবেক মহাসচিব ও সংস্থাটির সিরিয়াবিষয়ক নতুন মধ্যস্থতাকারী কফি আনান গত বুধবার বলেছেন, তিনি আশা করছেন, তিনি হত্যাযজ্ঞ বন্ধের ‘পরিষ্কার’ বার্তা নিয়ে শিগগিরই দামেস্কে পৌঁছাবেন।কফি আনান আরও আশা প্রকাশ করেন, জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত হিসেবে তাঁর এই মিশনে বিভক্ত আন্তর্জাতিক সম্প্রদায় এককাট্টা হবে।জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কফি আনান বলেন, এটা তাঁর জন্য কঠিন একটা দায়িত্ব। এটা কঠিন একটা চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘প্রতিটি পদক্ষেপ, এমনকি ভ্রমণপথও স্পর্শকাতর ও অতিমাত্রায় রাজনৈতিক। তবে আমরা একটা পথ বের করতে কাজ করে চলেছি। আমি আশা করি, শিগগিরই সিরিয়ায় যেতে পারব।’ কফি আনান আরও বলেন, সেখানে তাঁর বার্তা হবে পরিষ্কার—হত্যা বন্ধ করতে হবে। মানবিক সাহায্য পৌঁছে দিতে কর্মীদের প্রবেশ করতে দিতে হবে।যুক্তরাজ্যের কূটনীতিকদের প্রত্যাহার: যুক্তরাজ্য গতকাল বলেছে, তারা সিরিয়া থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছে। তবে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়নি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। এএফপি, রয়টার্স, বিবিসি।