হোমস শহর থেকে নারী-শিশু বেরোতে পারবে, ত্রাণও যাবে
সিরিয়ার অবরুদ্ধ হোমস শহর থেকে নারী ও শিশুরা বেরিয়ে যেতে পারবে। পাশাপাশি শহরটিতে শিগগিরই মানবিক সহায়তার আওতায় ত্রাণের বহর ঢুকতে পারবে। জেনেভা শান্তি সম্মেলনে সরাসরি আলোচনায় গত রোববার সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে এ ব্যাপারে ঐকমত্য হয়েছে। গতকাল সোমবার দুই পক্ষের আলোচনায় সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ তোলার আভাস ছিল।
সিরিয়ায় আড়াই বছরের বেশি সময় ধরে চলা রক্তপাত বন্ধের পথ খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় জেনেভায় সরাসরি আলোচনায় বসেছেন সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা।
রোববার দুই পক্ষের আলোচনায় বন্দী ও অপহূত ব্যক্তিদের মুক্তির প্রসঙ্গ ছাড়াও অবরুদ্ধ হোমস শহরের বাসিন্দাদের অসহায় অবস্থার বিষয়টি উঠে আসে। হোমস শহরে মানবিক বিপর্যয়ের আশঙ্কাও প্রকাশ করা হয়। পরে শহরটিতে আটকে পড়া নারী ও শিশুদের বের হওয়ার ব্যাপারে নিজেদের ইতিবাচক সম্মতির কথা জানান সরকারি প্রতিনিধিরা। তবে অবরুদ্ধ অবস্থা থেকে পুরুষেরা বের হতে চাইলে তার একটি তালিকা সরকারের কাছে দিতে হবে বলে দাবি তোলেন তাঁরা।
সরকারি প্রতিনিধিদলের সদস্য ও সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মাকদাদ বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসীরা যদি অবরুদ্ধ হোমস শহর থেকে শিশু ও নারীদের বের হতে দেয়, তাহলে আমরাও তাদের বের হওয়ার সুযোগ করে দেব।’ তিনি আরও বলেন, ‘শুধু তা-ই নয়, আমরা তাদের ওষুধ, আশ্রয়সহ প্রয়োজনীয় অন্য জিনিসপত্র দেব। এ ছাড়া জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক সহায়তার আওতায় ত্রাণের বহরও হোমসে ঢোকার অনুমতি দিতে
আমরা প্রস্তুত।’
জেনেভায় গতকালও দুই পক্ষ সরাসরি আলোচনায় বসার কথা। এই আলোচনায় সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ উঠতে পারে। শুরু থেকে ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে দুই পক্ষ পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে। বিদ্রোহী পক্ষ ও তাদের আন্তর্জাতিক মিত্ররা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরে যাওয়ার দাবিতে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট বাশার সরে দাঁড়াবেন না বলে সরকারি প্রতিনিধিরা তাঁদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি রোববারও সিরিয়ার দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করেন। তিনি জানান, বিদ্রোহী পক্ষ তাদের ৫০ হাজার সহযোগীকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারের অনুরোধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে আটক ব্যক্তিদের একটি তালিকা সরকারকে দেওয়ারও চেষ্টা করবে বিদ্রোহীরা। ব্রাহিমি আশা প্রকাশ করেন, সোমবারের (গতকাল) আলোচনায় ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ উঠবে। বিবিসি ও আল-জাজিরা।