হোমস শহরের অবরোধ ভাঙার চেষ্টা, ৩৭ বিদ্রোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার অবরুদ্ধ হোমস শহরে সরকারি বাহিনী অন্তত ৩৭ জন বিদ্রোহীকে হত্যা করেছে। সরকারি বাহিনীর ঘিরে থাকা শহরটির একটি অংশে বিদ্রোহীরা অবরোধ ভাঙার চেষ্টা করলে তাদের হত্যা করা হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়ে বলেছে, সরকারি বাহিনী হোমস শহরে এক অভিযানে ৩৭ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে। পৃথক ঘটনায় আরও কয়েকজনকে হত্যা করা হয়।
বিদ্রোহীদের সমর্থিত যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হোমস শহরে কমপক্ষে ৪৫ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বলেন, সরকারি বাহিনীর হাতে অবরুদ্ধ হোমস শহরের অন্তত ৪৫ জনকে হত্যা করা হয়েছে।
এক বছরেরও বেশি সময় ধরে হোমস শহর অবরুদ্ধ রয়েছে। এতে শহরটিতে কয়েক হাজার সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে আছে বলে মনে করা হয়। শহরটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে রয়েছে। বিদ্রোহীদের কাবু করতে সরকারি বাহিনী দীর্ঘ সময় ধরে শহর ঘিরে থাকায় সেখানে খাদ্য ও ওষুধসহ জরুরি পণ্যের সংকট দেখা দিয়েছে। কিছুদিন আগে সরকার সেখান থেকে ‘নিরপেক্ষ সাধারণ মানুষদের’ বেরিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছিল। তখন বলা হয়, এর পরও শহরে থেকে যাওয়া বিদ্রোহী বলে গণ্য হবে।
হামায় গাড়িবোমায় নিহত ১৮: হামা প্রদেশের কাফাত এলাকায় গত বৃহস্পতিবার গাড়িবোমা হামলায় অন্তত ১৮ ব্যক্তি প্রাণ হারিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, সন্ত্রাসীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। ওই প্রদেশের বেশির ভাগ অংশ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে, আলেপ্পোর শেখ মাকসুদ এলাকায় সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ ও রাজনৈতিক সংস্কারের দাবিতে ২০১১ সালের মার্চে গণবিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা গৃহযুদ্ধে রূপ নেয়।
আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৬০ লাখ মানুষ। এর মধ্যে অন্তত ২০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। বিবিসি।