হোমসে আটকে পড়া লোকজন সরিয়ে নিচ্ছে রেডক্রস
সিরিয়ার হোমস শহরে আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। গত শুক্রবার সেখান থেকে মোট ২৭ জনকে সরিয়ে নেওয়া হয়। প্রথম দফায় সফল হওয়ার পর গতকাল শনিবার নতুন করে তৎপরতা শুরু করে রেডক্রস। সিরিয়ার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হোমস শহরটি ৪ ফেব্রুয়ারি থেকেই অবরোধ করে রেখেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী। প্রায় তিন সপ্তাহ ধরে শহরটিতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ভূত পরিস্থিতিতে আরব ও পশ্চিমা দেশগুলো দামেস্ককে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানোর পর হোমসে প্রথমবারের মতো মানবিক তৎপরতা শুরু করতে সক্ষম হলো রেডক্রস। শুক্রবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অনুষ্ঠিত ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ গ্রুপের প্রথম সম্মেলনে আরব ও পশ্চিমা বিশ্বের ৭০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। সম্মেলনে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার আহ্বান জানানো ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ায় প্রেসিডেন্ট আসাদকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়। আন্তর্জাতিক চাপে কাজ হওয়ার প্রথম নিদর্শন হিসেবে শুক্রবার রেডক্রস ও রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সগুলো প্রথম দফায় হোমসের বাবে আমর এলাকায় প্রবেশ করে। প্রথম দফায় সরকারি বাহিনীর বোমায় আহত সাতজন এবং ২০ জন নারী ও শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা হয়। তবে আহত দুই পশ্চিমা সাংবাদিক এবং নিহত দুই সাংবাদিকের লাশ উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) মুখপাত্র সালেহ দাব্বাকেহ। তিনি বলেন, বাবে আমর এলাকায় প্রবেশ করা তিনটি অ্যাম্বুলেন্স আহত সাতজন সিরীয় নাগরিককে নিয়ে ফিরে আসে। অপরদিকে রেড ক্রিসেন্ট ফেসবুকে জানিয়েছে, আহত ওই সাতজনের পাশাপাশি ২০ জন নারী ও শিশুকে বাবে আমর থেকে অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে। মুখপাত্র সালেহ জানান, জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন এমন সব লোককে সফলভাবে উদ্ধারের রাস্তা পরিষ্কার করতে সিরিয়ার সরকার ও বিরোধীদের সঙ্গে আলোচনা চলছে। আইসিআরসি ও সিরিয়ান আরব রেডক্রসের যৌথ উদ্যোগে সিরিয়ায় ওই উদ্ধার-তৎপরতা শুরু হয়। টানা ২১ দিন ধরে সরকারি নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত থাকার পর প্রথমবারের মতো বাবে আমর এলাকায় পৌঁছাতে পারলেন উদ্ধারকারীরা।উদ্ধার অভিযানে ১১টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন বাবে আমর শহরে প্রবেশ করলেও মাত্র তিনটি অ্যাম্বুলেন্স আহত সিরীয় নাগিরকদের নিয়ে ফিরে আসে। যদিও মুখপাত্র সালেহ এর আগে বলেছিলেন, হতাহত পশ্চিমা সাংবাদিকদের উদ্ধার করে আনা হবে। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বাবে আমর এলাকায় অবস্থিত একটি গণমাধ্যমকর্মীদের কেন্দ্রে সরকারি বাহিনীর গোলাবর্ষণে গত বুধবার নিহত হন মার্কিন সাংবাদিক ম্যারি কোলভিন ও ফরাসি ফটোসাংবাদিক রেমি ওচলিক। একই ঘটনায় ফরাসি সাংবাদিক এডিথ বৌভিয়ার ও ব্রিটিশ ফটোসাংবাদিক পল কনরয় পায়ে গুরুতর আঘাত পান। গত বৃহস্পতিবার চিকিৎসার সাহায্য চেয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন বৌভিয়ার। এদিকে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীর অভিযানে শুক্রবার আরও ১০৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কো-অর্ডিনেশন কমিটি। হোমস, হামা, আলেপ্পো, হাসাকাসহ বিভিন্ন এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক লোক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় বলেছেন, নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে। এএফপি, রয়টার্স ও বিবিসি।