হোমসে তিনটি পরিবারের সবাইকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সংঘাতময় শহর হোমসে সেনাবাহিনী ও তাদের সহযোগীদের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিনটি পরিবারের সব সদস্য। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। মানবাধিকারকর্মীরা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ঘানতাউয়ি, তারকাউয়ি ও জামেল পরিবারের ২০ জন সদস্যের সবাইকে তাদের বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে।সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান জানান, একটি পরিবারে পাঁচ, সাত ও পনের বছর বয়সী তিন শিশুসহ পাঁচজন সদস্য ছিল। অন্য দুটি পরিবারে সদস্য ছিল যথাক্রমে সাত ও আটজন। তিনি জানান, নিরাপত্তা বাহিনী ও শাবিহা নামে পরিচিত সরকার-সমর্থিত যোদ্ধারা গতকাল ভোরে হোমসের কারম আল-জয়তুন ও নাজিহিন এলাকার বাড়িগুলোতে হামলা চালিয়ে তাদের হত্যা করে।বাবা আমর থেকে হাদি আবদুল্লাহ নামে একজন কর্মী জানান, নিহত ২০ জনের গলা কেটে ফেলা হয়েছে। সিরিয়ার অভ্যন্তরে বিদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা থাকায় নিরপেক্ষ সূত্র থেকে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি।সাম্প্রতিক দিনগুলোতে যেসব স্থানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে, এর কেন্দ্রে রয়েছে হোমস শহর। এএফপি।