প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অরোরার প্রেক্ষাগৃহে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় আটক জেমস হোমসের (২৪) বিরুদ্ধে গত সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে।গত ২০ জুলাই অরোরার একটি প্রেক্ষাগৃহে ব্যাটম্যান সিনেমার সর্বশেষ সিক্যুয়েল দ্য ডার্কনাইট রাইজেস-এর প্রিমিয়ার শো চলাকালে হোমস এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ১২ জন নিহত এবং আরও ৫৮ জন গুরুতর আহত হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রেক্ষাগৃহের বাইরে থেকে তাঁকে আটক করে পুলিশ।কলোরাডোর ডেনভারের আরাপাহো কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে সোমবার হোমসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়। আদালতে ৪৫ মিনিটের শুনানি চলাকালে হোমস উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো কথা বলেননি। বিবিসি।