হোসনি মোবারকের অবস্থা সংকটজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের অবস্থা সংকটজনক। কারাগারে দুই দফায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর চিকিৎসকেরা বৈদ্যুতিক শকের মাধ্যমে তা সচল করেন।কারা হাসপাতালের একটি সূত্র গতকাল সোমবার জানায়, মোবারকের হূদ্যন্ত্রের ক্রিয়া দুবার বন্ধ হয়ে যায়। এরপর চিকিৎসকেরা বৈদ্যুতিক শক দিতে বাধ্য হন। এখন মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়ছেন। তিনি খাবার গ্রহণ করতে চাইছেন না।এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মোবারকের অবস্থা সংকটাপন্ন, তবে স্থিতিশীল। কর্মকর্তারা তাঁকে কায়রোর একটি হাসপাতালে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।সরকারবিরোধী আন্দোলনকারীদের হত্যার দায়ে গত ২ জুন মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এরপর কায়রোর উপকণ্ঠে একটি কারাগারে নেওয়ার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে তাঁকে কারা হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়।মোবারকের শয্যাপাশে আছেন তাঁর দুই ছেলে আল ও গামাল। দুই ছেলেই আগে থেকে একই কারাগারে আছেন। বিভিন্ন অভিযোগে তাঁদের বিচার চলছে। অসুস্থ হওয়ার পর মোবারক প্রথমে ছোট ছেলে গামালকে তাঁর কাছে রাখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন। কর্তৃপক্ষ তাতে রাজি হওয়ার পর বড় ছেলে আলাকেও তাঁর কাছে থাকতে দেওয়ার জন্য অনুরোধ করেন মোবারক। গতকাল কর্তৃপক্ষ তাঁর অনুরোধে সাড়া দিয়েছে। এএফপি।