হোসনি মোবারকের দুই ছেলের আটকাদেশ ১৫ দিন বাড়ল
মিসরের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের দুই ছেলে গামাল ও আলা মোবারকের আটকাদেশ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। দেশটির প্রচারমাধ্যম গত মঙ্গলবার এ কথা জানায়। সরকারি কৌঁসুলি এই আটকাদেশ দেন।হোসনি মোবারকের ওই দুই ছেলে কায়রোর শহরতলী তোরাহ কারাগারে আটক আছেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আছে। গত ফেব্রুয়ারি মোবারকের পতনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে শত শত মানুষ নিহত হয়। এসব বিক্ষোভকারীকে হত্যার দায়ে ৮২ বছর বয়সী মোবারকের বিরুদ্ধেও তদন্ত চলছে। এ ছাড়া তাঁর ৩০ বছরের শাসনামলে ক্ষমতার অপব্যবহার, ইসরায়েলে গোপন চুক্তির মাধ্যমে কম দামে গ্যাস রপ্তানির মতো অভিযোগেরও তদন্ত চলছে। লোহিত সাগরতীরে শারম আল শেখ পর্যটন এলাকার একটি হাসপাতালে আটকাবস্থায় মোবারকের চিকিৎসা চলছে।মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, মোবারকবিরোধী আন্দোলন দমনে প্রায় ৮০০ বিক্ষোভকারীকে হত্যা করা হয়। মোবারকের পতনের পর মিসরের এ শাসক ও তাঁর পরিবারের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাদের সব সম্পদ বাজেয়াপ্তও করা হয়। টাইমস অব ইন্ডিয়া।