হোসনি মোবারকের পুনর্বিচার শুরু ১৩ এপ্রিল
মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পুনর্বিচার শুরু হবে আগামী ১৩ এপ্রিল। দেশটির উচ্চতর আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। পুনর্বিচারের এই আদেশ দেওয়া হয়েছিল গত জানুয়ারি মাসে। সাবেক এই স্বৈরশাসকের বিরুদ্ধে ২০১১ সালের আন্দোলনে নির্বিচারে আন্দোলনকারীদের হত্যার ষড়যন্ত্রের বিচার করা হচ্ছে। ওই আন্দোলনের মধ্য দিয়ে তাঁর ২৯ বছরের শাসনের অবসান ঘটে। ওই গণ-আন্দোলনে প্রায় ৮৫০ জন মানুষ নিহত হন। বর্তমানে হোসনি মোবারক (৮৪) একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া মোবারকের সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিও পুনর্বিচারের সম্মুখীন হবেন। দেশটির বার্তা সংস্থা মিনা বিচারপতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। এ ছাড়া মোবারকের দুই ছেলে গামাল ও আলার বিরুদ্ধেও দুর্নীতি মামলার পুনর্বিচার হবে। এদিকে হোসনি মোবারকের আইনজীবী জানিয়েছেন, আদালতে নতুন কোনো সাক্ষ্য-প্রমাণ দাখিল করা হবে না। বিবিসি।