হোসনি মোবারকের বিচার শুরু মিসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে টান টান উত্তেজনার মধ্য দিয়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার কায়রোর পুলিশ একাডেমিতে অস্থায়ী আদালত বসিয়ে বিচার শুরু হয়। আদালতে হত্যা ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মোবারক। এর আগে জানানো হয়েছিল, কায়রো কনভেনশন সেন্টারে মোবারকের বিচার কার্যক্রম শুরু হবে। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে পরে স্থান পরিবর্তন করা হয়। একই আদালতে মোবারকের দুই ছেলে গামাল ও আলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি এবং শীর্ষস্থানীয় ছয় নিরাপত্তা কর্মকর্তারও বিচার শুরু হয়। অসুস্থ থাকায় মোবারককে একটি স্ট্রেচারে করে আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় সাদা পোশাক পরিহিত মোবারককে খুবই বিবর্ণ দেখাচ্ছিল। আদালতের ভেতরে বিবাদীদের জন্য একটি বন্দিশিবির বানানো হয়েছে। এ ছাড়া ৬০০ লোক ওই আদালতে বসে বিচার কার্যক্রম দেখতে পারবেন। রাষ্ট্রীয় টেলিভিশনেও বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ ছাড়া বিচার কার্যক্রম সরাসরি দেখানোর জন্য কায়রোতে বসানো হয়েছে বিশাল একটি টিভি পর্দা। বিচারের সময় আদালতের বাইরে গণআন্দোলনে নিরাপত্তারক্ষীদের হাতে নিহত ব্যক্তিদের স্বজনসহ বিপুলসংখ্যক মোবারকবিরোধী ও মোবারক-সমর্থক জড়ো হয়। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রায় তিন হাজার নিরাপত্তারক্ষী ও পুলিশ মোতায়েন করা হয়। এর পরও দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোবারকবিরোধীরা এ সময় ‘হত্যাকারীর ফাঁসি চায় জনগণ’, ‘সবাই দীপ্ত কণ্ঠে বলো, স্বাধীনতা কখনো পরাভূত হয় না’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করে। এদিকে মোবারকের সমর্থকেরাও ‘মোবারক, মাথা সমুন্নত রাখো, যদি তোমাকে বিচারে শাস্তি দেওয়া হয়, তবে কারাগার ভেঙে ও জ্বালিয়ে ছারখার করে দেব’ এই বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষ একে অপরের প্রতি পাথর ও বোতল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হাজার হাজার সাদা পোশাকধারী পুলিশ ও দাঙ্গাপুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। বাইরে তুমুল হাঙ্গামার মধ্যেই কায়রোর অপরাধ আদালতের বিচারক আহমেদ রিফাত বিচার কার্যক্রম শুরু করেন। বিচারক রিফাত শুরুতেই সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের সৃষ্টিকর্তা ও বিবেককে সন্তুষ্ট রাখতে আদালতের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য মিসরের জনগণকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে।’তিনি সতর্ক করে বলেন, ‘বিচারকাজে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যেই হোক তাকে বের করে দেওয়া হবে।’বিচার শুরু হলে মোবারক তাঁর বিরুদ্ধে আনীত দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার আদেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আদালতকে বলেন, ‘আমি আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।’এ সময় মোবারকের দুই ছেলেও তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এর আগে মোবারককে একটি বিশেষ বিমানে করে পর্যটন নগর শারম আল শেখ থেকে কায়রোতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই সেখানে একটি হাসপাতালে নিরাপত্তা প্রহরায় হূদরোগের চিকিৎসা নিচ্ছিলেন তিনি।তবে বিচারের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। নারিমান ইউসেফ নামের এক বিক্ষোভকারী বলেন, এ পর্যন্ত যা ঘটেছে, তাতে কেউই বলবে না যে, বিচার স্বচ্ছ হবে। তবে সবাই অপেক্ষা করছে, বিচারের শেষ দেখার জন্য। কায়রোর তাহরির স্কয়ারে ১৮ দিনের সরকারবিরোধী বিক্ষোভের জের ধরে গত ১১ ফেব্রুয়ারি হোসনি মোবারক পদত্যাগ করেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।