হোসনি মোবারকের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দের সিদ্ধান্ত
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশে ও বিদেশে থাকা তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার দেশটির বিচারিক কর্মকর্তারা এ তথ্য জানান।কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন হোসনি মোবারক। পদত্যাগের পর থেকে তিনি লোহিতসাগরের তীরে অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে অবস্থান করছেন। ১৯৮১ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত খুন হলে ক্ষমতায় আসেন মোবারক। এর পর থেকে তিনি দেশটি শাসন করছিলেন।মিসরের বিচারিক কর্মকর্তারা জানান, গতকাল হোসনি মোবারক তাঁর স্ত্রী সুজান, দুই ছেলে আলা মোবারক ও গামাল মোবারক এবং ছেলের বউদের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশে ও দেশের বাইরে থাকা তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করারও সিদ্ধান্ত হয়েছে।জানা যায়, মিসরের প্রসিকিউটর জেনারেল আবদেল মাজিদ মাহমুদ গত ২১ ফেব্রুয়ারি হোসনি মোবারক ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করার অনুরোধ করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইতকে এ ব্যাপারে বিভিন্ন দেশে যোগাযোগ করার দায়িত্ব দেন। পররাষ্ট্রমন্ত্রী ঘেইত এ ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করবেন বলে জানা গেছে।বিচারিক কর্মকর্তারা আরও জানান, মিসরের বাইরে মোবারক ও তাঁর পরিবারের সদস্যদের শত শত কোটি ডলারের সম্পদ রয়েছে—প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে এমন অনেক অভিযোগ এসেছে। অভিযোগকারীরা এসব অভিযোগ খতিয়ে দেখার আবেদন জানান।হোসনি মোবারক ক্ষমতায় থাকার সময় শত শত কোটি ডলারের মালিক হন বলে খবর রয়েছে। তবে তাঁর একজন আইন উপদেষ্টা জানান, মোবারকের শত শত কোটি ডলারের বিষয়টি ‘গুজব’।মোবারকের সম্পদ জব্দ করার ব্যাপারে গত সপ্তাহে ফ্রান্স বলেছে, তারা মিসরের আহ্বানে সাড়া দেবে। মোবারক প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই সুইজারল্যান্ড সে দেশে মোবারকের সম্পদ জব্দ করার ঘোষণা দেয়।ক্ষমতাচ্যুত হওয়ার পর মোবারককে জনসম্মুখে দেখা যায়নি। তবে তিনি অসুস্থ বলে খবর রয়েছে। এএফপি, এনডিটিভি অনলাইন।