হোসনি মোবারকের ৩০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আলীর পর প্রেসিডেন্ট হোসনি মোবারক হচ্ছেন মিসরের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। আরববিশ্বে যে কয়জন শাসক দীর্ঘদিন ধরে দেশ শাসন করেছেন, তাঁদেরও অন্যতম তিনি। ২০০৫ সালের সেপ্টেম্বরে হোসনি মোবারক পঞ্চমবারের মতো মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন তাঁর বয়স ছিল ৭৭ বছর। আর সে বছরই মিসরে প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগের চারটি মেয়াদে নির্বাচন হয়েছে হ্যাঁ-না ভোটের মাধ্যমে। এসব নির্বাচনে পার্লামেন্ট অনুমোদিত একজন মাত্র প্রার্থী অংশ নেন, আর তিনি হচ্ছেন হোসনি মোবারক।মিসরে জনসমর্থনপুষ্ট একমাত্র সংগঠিত রাজনৈতিক দল হচ্ছে মুসলিম ব্রাদারহুড। এ দলটির কর্মকাণ্ডও নিষিদ্ধ করে রেখেছেন প্রেসিডেন্ট মোবারক। বিগত নির্বাচনে তারা কোনো প্রার্থী দিতে পারেনি।১৯৮১ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আততায়ীর গুলিতে নিহত হন। এর পরই ক্ষমতায় আসেন মোবারক। মিসরের রাজনীতিতে মহীরুহের মতো মোবারককে হত্যার জন্য ছয়টি চেষ্টা চালানো হয়। কিন্তু প্রতিবারই তিনি বেঁচে যান। বিরোধীদের ওপর চালান ব্যাপক দমন-পীড়ন।মোবারক ক্ষমতায় এসে নমনীয় অর্থনৈতিক নীতি গ্রহণ করেন। সংস্কারের নামে রাষ্ট্রের বড় বড় আর্থিক প্রতিষ্ঠান বেসরকারীকরণ করেন। প্রায় সব সরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ শেয়ার বাজারে ছেড়ে দেন। কিন্তু এর পরও দেশজুড়ে চলা ব্যাপক দুর্নীতির কারণে মিসরীয়দের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বেকারত্ব এখন আকাশচুম্বী। জীবনযাত্রার মান অন্যান্য আরব দেশের তুলনায় অনেক নিচে। তবে নিরেট সেনাবাহিনীর লোক হিসেবে তিনি দেশের সশস্ত্র বাহিনীর যথেষ্ট আধুনিকায়ন করেন। বিশেষ করে বিমানবাহিনীকে বেশ শক্তিশালী করে গড়ে তোলেন।বয়সের ভারে ন্যুব্জ মোবারকের উত্তরাধিকার নিয়ে নানা কথাবার্তা শোনা গেছে। তাঁর ছোট ছেলে গামাল মোবারকের হাতে তিনি ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলেন, এমন গুজবও লোকমুখে ছড়িয়ে পড়ে। তবে সরকারের ভেতরের বড় অংশের প্রবল বিরোধিতার কারণে মোবারকের সে উদ্যোগ সফল হয়নি। ২০১০ সালের মার্চে জার্মানিতে মোবারকের গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়। আর সে সময়ই খবর আসে, মোবারক ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও নাকি অংশ নেবেন। তখন থেকেই ফুঁসে উঠতে থাকে দেশটির তরুণ প্রজন্মসহ সাধারণ জনগণ। ১৯৫২ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশটির ক্ষমতা দখল করেন আবদুল নাসের। সেই থেকে দেশটিতে সেনাবাহিনীর যে দাপট শুরু হয়েছে, তা মোবারকের শাসনামলেও বহাল রয়েছে। সেনাবাহিনীর দাপটে মিসরের রাজনীতিকেরা রীতিমতো দিশেহারা। তাঁদের সেই অস্থিরতাই এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে কায়রোসহ গোটা দেশে। এএফপি, আলজাজিরা।