হোয়াইট হাউসে দালাই লামাকে স্বাগত জানালেন ওবামা
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চীনের বিরোধিতা সত্ত্বেও ওবামা গতকাল শুক্রবার হোয়াইট হাউসে দালাই লামাকে স্বাগত জানান এবং বৈঠকে মিলিত হন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নিচতলার ম্যাপ রুমে দুই নেতার মধ্যে এই সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। তবে ওবামা বিদেশি নেতা ও বিশিষ্ট মেহমানদের সাধারণত হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাত্ দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ক্যাথেরিন হেইডেন বলেন, দালাই লামাকে আন্তর্জাতিকভাবে সম্মানিত ধর্মীয় ও সাংস্কৃতিক নেতা হিসেবে সাক্ষাত্ দিয়েছেন ওবামা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তিব্বতের স্বাধীনতার সমর্থন করে না। কিন্তু সেখানে মানবাধিকারের চরম অবনতি ও ক্রমবর্ধমান উত্তেজনা বিষয়ে তাঁরা সচেতন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানইং ওবামার সঙ্গে দালাই লামার সাক্ষাত্কারের তীব্র প্রতিবাদ করে বলেন, এ সাক্ষাত্কার হলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এএফপি।