হোয়াইট হাউসের জীবন শেষে শিক্ষকতায় ফিরবেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের জীবন শেষে শিক্ষকতায় ফিরে যেতে চান। আর এ পেশাতেই পার করে দিতে চান জীবনের বাকি সময়। ওবামা বলেন, ‘শিক্ষকতা আমার পছন্দ। এখন মিস করছি এই পেশাকে।’মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে ওবামা এসব কথা বলেন। তবে তিনি এও বলেন, এই মুহূর্তে তাঁর সমস্ত ভাবনাজুড়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পারাটাই তাঁর কাছে অগ্রাধিকার বিষয়।সিনেটে যোগদানের আগে শিকাগো বিশ্ব-বিদ্যালয়ের ল’ স্কুলে ১২ বছরের মতো শিক্ষকতা করেন ওবামা।এবিসির ‘দ্য ভিউ’ নামের একটি ধারণ করা অনুষ্ঠানে ফার্স্ট লেডি মিশেল ওবামা অংশ নেন। তাঁর সঙ্গে যোগ দেন স্বামী ওবামাও। বিশেষজ্ঞরা ওবামার এই পদক্ষেপকে নারী ভোটারদের আকর্ষণ করার কৌশল হিসেবে দেখছেন। অনুষ্ঠানটি গতকাল মঙ্গলবার সম্প্রচার হওয়ার কথা।এই অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে প্রেসিডেন্ট ওবামা আরেক দফা বিরোধী শিবিরের সমালোচনার মুখে পড়লেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্ক সফরের কারণে ওবামা ধারণ করা অনুষ্ঠানে অংশ নিলেন। রিপাবলিকান প্রার্থী মিট রমনির প্রচারণা দল তাঁর এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে অন্যান্য বছর ওবামা বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু এ বছর তিনি কোনো আন্তর্জাতিক নেতার সঙ্গেই সাক্ষাৎ করছেন না। রমনি সোমবার এ ব্যাপারে বলেছেন, তিনি (ওবামা) ‘কঠিন সমস্যার’ মধ্যে আছেন।দ্য ভিউ অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রনীতি ও মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষায় বর্তমান প্রশাসন ব্যর্থ হয়েছে কি না—এমন প্রশ্নে ওবামা বলেন, ‘আমরা যা কিছু করেছি সবই শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলার জন্য নয়, মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যও কাজ করেছি।’ অনুষ্ঠানের সঞ্চালক ভবিষ্যতে মিশেল ওবামার প্রেসিডেন্ট নির্বাচন করার সম্ভাবনার ব্যাপারে জানতে চাইলে ওবামা বলেন, ‘সেটা হলে তা হবে দারুণ। কিন্তু তাঁর (মিশেল) যে মেজাজ, আমি মনে করি না...।’ এ সময় মিশেল বলেন, ‘এটা একদমই ঠিক।’ পরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো ধৈর্য তাঁর নেই। গতকাল মিট রমনির স্ত্রী অ্যানেরও এনবিসি টেলিভিশনের ‘টুনাইট শো’ অনুষ্ঠানে হাজির হওয়ার কথা। বিবিসি।