হোয়াইট হাউসের জীবন সুখের হয়নি মিশেলের
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার হোয়াইট হাউসের জীবনটা খুব একটা সুখকর হয়নি বলে নতুন একটি বইয়ে মন্তব্য করা হয়েছে। তবে বইটিতে প্রথম আফ্রো-আমেরিকান এই ফার্স্ট লেডিকে ‘একজন উদীয়মান বিচক্ষণ রাজনীতিবিদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বইটিতে বলা হয়েছে, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে মিশেলের প্রায়ই মতবিরোধ হতো। তাঁর কারণেই প্রেসিডেন্ট বারাক ওবামাকে মাঝেমধ্যে কঠিন রাজনৈতিক পরীক্ষায় পড়তে হয়েছে। স্বাস্থ্যসেবা ও অভিবাসন সংস্কারের মতো বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্তগুলো নাকি মিশেলের কারণেই নিতে হয়েছে। দ্য ওবামাস নামের বইটি লিখেছেন নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক জোডি ক্যান্টর। হোয়াইট হাউসের ৩০ জনেরও বেশি সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং ওবামা দম্পতির বন্ধুদের সাক্ষাৎকারের ভিত্তিতে বইটি রচনা করা হয়েছে। আগামী মঙ্গলবার এটি প্রকাশিত হবে। বইটিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামার সাবেক চিফ অব স্টাফ র্যাম ইমানুয়েল ও হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি রবার্ট গিবস-সমর্থিত রাজনৈতিক কৌশলগুলোর সঙ্গে প্রকাশ্যে দ্বিমত পোষণ করতেন মিশেল। মিশেল ও গিবসের মধ্যকার বিরোধ চরম আকার ধারণ করেছিল। গিবস সব সময়ই প্রশাসনের ভুলের ব্যাপারে সজাগ ছিলেন। মিশেল ও ওবামার ঘনিষ্ঠ সহযোগী এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ভ্যালারি জারেট এই দুজনের মধ্যে সমঝোতার চেষ্টাও করেছিলেন। পরে ফার্স্ট লেডির পরামর্শেই ইমানুয়েল ও গিবসকে সরিয়ে দেওয়া হয়। গিবস ও ইমানুয়েলকে ‘সংকীর্ণচিত্তের ও যথেষ্ট কৌশলী নয়’ মনে করতেন মিশেল। উপদেষ্টাদের সম্পর্কে বারাক ওবামার একটি উদ্ধৃতির বরাত দিয়ে বইটিতে বলা হয়েছে, ‘তিনি (মিশেল) মনে করেন, আমাদের রাডার (উপদেষ্টারা) ঠিকমতো কাজ করছে না।’ হোয়াইট হাউস অপ্রকাশিত এ বইটিকে ‘পুরোনো সংবাদের অতিরঞ্জিত নাটকীয়তা’ বলে উল্লেখ করেছে। বলেছে, বইটি নিয়ে ওবামা দম্পতির সঙ্গে কোনো কথাই হয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র এরিক শুল্জ গত শুক্রবার বলেন, ‘ওবামা দম্পতিকে নিয়ে আবেগ, ভাবনা ও তাঁদের ব্যক্তিগত মুহূর্তগুলো বইটিতে বর্ণনা করা হয়েছে। বইয়ে এগুলো লেখকের নিজস্ব চিন্তাভাবনার চেয়ে একটু বেশিই প্রতিফলিত হয়েছে।’ এএফপি ও রয়টার্স।