হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি পদত্যাগ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি ডেসিরি রজার্স। গত শুক্রবার এ কথা জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে অনাহূত অতিথি প্রবেশের জের ধরেই শেষ পর্যন্ত তাঁকে পদত্যাগ করতে হয়েছে বলে গুঞ্জন রয়েছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সৌজন্যে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে অনাহূত অতিথির প্রবেশের ঘটনার পর থেকে বড় ধরনের সমালোচনার মুখে ছিলেন রজার্স।রজার্স বলেছেন, করপোরেট খাতে ফেরার জন্য তিনি চাকরি ছাড়ছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারের সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরেই হোয়াইট হাউসে পা দিয়েছিলেন রজার্স। এক বছরের কিছু বেশি সময় সোশ্যাল সেক্রেটারির পদে দায়িত্ব পালনের পর বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।এ ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘তাঁকে চাকরি ছাড়ার জন্য কোনো চাপ দেওয়া হয়নি। গত মাসে প্রেসিডেন্টকে পদত্যাগের পরিকল্পনার কথা জানিয়েছিলেন রজার্স।’ এক প্রশ্নের জবাবে গিবস বলেন, অনাহূত অতিথির উপস্থিতির জেরে রজার্স পদত্যাগ করেননি। তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।এক বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, ‘হোয়াইট হাউসে দায়িত্ব পালনের জন্য রজার্সের প্রতি আমরা কৃতজ্ঞ।’ সোশ্যাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় রজার্স সাড়ে তিন শ অনুষ্ঠানের আয়োজন করেছেন।তবে ভারতীয় প্রধানমন্ত্রীর সৌজন্যে আয়োজিত নৈশভোজে অনাহূত অতিথি হিসেবে ভার্জিনিয়ার সালেহি দম্পতির উপস্থিতি প্রকাশিত হওয়ার পর থেকে রজার্সকে নিয়ে বিতর্ক শুরু হয়। রজার্সের উত্তরসূরি হিসেবে ডেমোক্রেটিক দলের তহবিল সংগ্রাহক জুলিয়ানা স্মুটের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। টাইমস অব ইন্ডিয়া।