হ্যাকারের কবলে ইংলাকের টুইটার অ্যাকাউন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার টুইটার অ্যাকাউন্ট গতকাল রোববার বেশ কিছু সময়ের জন্য হ্যাকারের কবলে পড়েছিল। হ্যাকিংয়ের পর অজ্ঞাত ওই হ্যাকার এক টুইটে প্রধানমন্ত্রীকে অযোগ্য বলে মন্তব্য করেছেন। এ ঘটনায় দারুণ চটেছেন ইংলাক।দেশটির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় বলেছে, গতকাল রোববার সকালে হ্যাকার সিনাওয়াত্রার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে। প্রায় ২০ মিনিট হ্যাকার অ্যাকাউন্টটি নিজের দখলে রেখেছিল। মন্ত্রণালয় জানায়, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।হ্যাকার সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন ইংলাকের তীব্র সমালোচনা করে আটটি মন্তব্য করেছেন। হ্যাকারের সর্বশেষ মন্তব্যটি ছিল, ‘তিনি (ইংলাক) নিজের টুইটার অ্যাকাউন্টই রক্ষা করতে পারছেন না, দেশকে রক্ষা করবেন কীভাবে? এটা ভাবনার বিষয়।’গত ৩ জুলাই নির্বাচনে বিজয়ী হওয়ার পর ইংলাক এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে ন্যূনতম বেতন বাড়ানো। দরিদ্র ও গ্রামীণ মানুষের সমর্থন আদায়ে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে ইংলাক তাঁর দেশের প্রতিটি স্কুলশিক্ষার্থীকে ট্যাবলেট কম্পিউটার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হ্যাকার তা নিয়েও মন্তব্য করেন। তিনি লিখেছেন, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে এটা কোনো বিকল্প হতে পারে না। অথচ ইংলাক ও তাঁর সরকার এটাই সমর্থন করছে।আরেকটি টুইটে বলা হয়েছে, ভাবমূর্তি উন্নয়নের চেষ্টার চেয়ে প্রধানমন্ত্রীর উচিত দুই মাসব্যাপী চলমান বন্যার দীর্ঘমেয়াদি সমাধানের একটা পথ খোঁজা। এই বন্যায় দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। তলিয়ে গেছে দেশের বড় একটা অংশ। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের সাহায্যে ইংলাক সেনাবাহিনীকে এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার বন্যাপীড়িত এলাকায় ১০ হাজার সেনা মোতায়েন করা হয়। আইসিটি মুখপাত্র সঙ্করান তায়েচানারং বলেছেন, হ্যাকারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তা ছাড়া প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা চলছে।রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রা খুবই বিতর্কিত। ২০০৬ সালে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়। দুর্নীতির দায়ে অভিযুক্ত থাকসিন সাজা এড়াতে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এএফপি।