হ্যাকিংয়ে হাত পাকাতে দিল্লিতে এসেছিলেন স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডওয়ার্ড স্নোডেন
অ্যাডওয়ার্ড স্নোডেন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর গোপন নথি ও তারবার্তা ফাঁস করে হইচই ফেলে দেওয়া অ্যাডওয়ার্ড স্নোডেনের হ্যাকিংয়ে হাত পাকাতে দিল্লি গিয়েছিলেন। দিল্লির একটি প্রতিষ্ঠানে জাভা প্রোগ্রামিং ও অ্যাডভান্সড হ্যাকিং শেখার জন্য এক সপ্তাহের একটি কর্মশালায় উন্নত প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ‘টাইমস অব ইন্ডিয়া’ আজ বুধবার এ খবর জানিয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’ বলেছে, ২০১০ সালে দিল্লির মতিনগরে অবস্থিত কেওনিগ সলিউশন নামের একটি প্রতিষ্ঠানে স্নোডেন প্রশিক্ষণ নিতে আসেন। ওই বছরের ৩ সেপ্টেম্বর তিনি জাপান থেকে দিল্লি আসেন এবং ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফিরে যান।
কেওনিগ সলিউশনের সিইও রোহিত আগরওয়ালের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, প্রশিক্ষণ ফি, বাসস্থান ও খাবার বাবদ স্নোডেন দুই হাজার ডলার পরিশোধ করেছিলেন। প্রতিষ্ঠানটির কাছে স্নোডেনের দেওয়া জীবনবৃত্তান্তে দেখা যায়, ভারতে আসার আগে স্নোডেন মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস এক্সপার্ট (এমসিএসই), প্রোজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালসহ (পিএমপি) বেশ কিছু হ্যাকিংবিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছিলেন।
ইসিএসএ কোর্সের মাধ্যমে তথ্যের নিরাপত্তা রক্ষার আধুনিক কৌশল সম্পর্কে বিভিন্ন দেশের নিরাপত্তাবিষয়ক পেশাজীবীরা প্রশিক্ষণ নিয়ে থাকেন। এখানে প্রশিক্ষণার্থীদের হ্যাকিং থেকে কোনো সংস্থার ওয়েবসাইটকে রক্ষা করার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। ইসি-কাউন্সিলের ওয়েবসাইটে এই প্রশিক্ষণ সম্পর্কে বলা হয়েছে, হ্যাকারকে হারাতে চাইলে, তাদের মত চিন্তা করতে হবে। কেওনিগ সলিউশনের ব্যবস্থাপক হেমা শর্মা বলেন, ‘স্নোডেন অত্যন্ত শান্তপ্রকৃতির ছিলেন। তাঁর মধ্যে আমি অস্বাভাবিক কিছু পাইনি। পাঠ্যসূচির মধ্যে ছিল তাঁর সব মনোযোগ। তিনি প্রায়ই প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে হলদিরাম রেস্টুরেন্টে খেতে যেতেন।’