হ্যাকিংয়ের ঝুঁকি!
যুক্তরাষ্ট্রের ৩২টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার প্রায় ৩৫ লাখ ভোটার কম্পিউটার প্রযুক্তিনির্ভর প্রক্রিয়ায় (ই-ভোটিং) ভোট দিচ্ছেন। এই আমেরিকানদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য অথবা দেশের বাইরে অবস্থানকারী নাগরিক। ই-ভোটিং মেশিন নিষ্ক্রিয় (হ্যাকিংয়ের শিকার) হওয়ার ঝুঁকি রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে হ্যাকারদের আক্রমণ প্রতিরোধে সতর্ক ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।ইন্টারনেট-নির্ভর ই-ভোটিংয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে বলে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিশেষজ্ঞ রন রিভেস্ট গত বছর এক আলোচনা সভায় মন্তব্য করেছিলেন। সংবাদমাধ্যম সূত্র জানায়, ই-ভোটিং সহজেই হ্যাকারদের হামলার শিকার হতে পারে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিটি জাতীয় নির্বাচনে ভোটিং প্রযুক্তি বিকল হওয়ার নজির রয়েছে। এ রকম অবস্থায় ভোট হারিয়ে যায়। কাগজপত্র না থাকায় সেই ভোট উদ্ধার করা সম্ভব হয় না।যুক্তরাষ্ট্রের চার ভাগের এক ভাগ ভোটার কাগজবিহীন ই-ভোটিংয়ের আওতাভুক্ত। ডেলাওয়ারে, জর্জিয়া, লুইজিয়ানা, ম্যারিল্যান্ড, নিউজার্সি ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ভোট গ্রহণ হবে পুরোপুরি প্রযুক্তিনির্ভর। সিএনএন।