হ্যারির অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার খবর নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে যোগ দেবেন বলে গণমাধ্যমে গুঞ্জন উঠেছে। তবে ব্রিটেনের রাজপরিবার এই খবর নাকচ করে দিয়েছে।অস্ট্রেলিয়ার নিউজ লাইন পত্রিকার খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার একটি সেনা ইউনিটে প্রিন্স হ্যারিকে (২৮) আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হবে কিংবা সেখানে তিনি পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন।তবে সেন্ট জেমসেস প্যালেস কার্যালয়ের একজন মুখপাত্র জানান, প্রিন্স হ্যারির অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি এখন যুক্তরাজ্যের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছেন। আর এটাই তাঁর নিয়মিত কাজ।প্রিন্স হ্যারি যুক্তরাজ্যের সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টারের গোলন্দাজ সেনা। তিনি দুই দফায় আফগান রণক্ষেত্রে দায়িত্ব পালন করেন।গত জানুয়ারিতে প্রিন্স হ্যারি বলেছিলেন, তালেবান যোদ্ধাদের হত্যা করতে কম্পিউটার গেমস তাঁকে সাহায্য করেছে। তাঁর ওই মন্তব্যের জের ধরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।এর আগে ২০০৮ সালে প্রিন্স হ্যারি আফগানিস্তানে প্রথম দফায় দায়িত্ব পালন করেন। এএফপি।