কানাডার সংসদীয় গণতন্ত্রের তিন স্তর বিশিষ্ট সরকার কাঠামোয় কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের পাশাপাশি স্থানীয় সরকার রাষ্ট্র পরিচালনার শেকড় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কানাডার স্থানীয় সরকারের কর্মপরিচালনার দায়িত্বে আছেন মিউনিসিপ্যাল সরকার, যার মূল দায়িত্ব বাস্তবায়নে থাকেন কাউন্সিলর। কানাডার এই মিউনিসিপ্যাল নির্বাচন কাউন্সিলররা কোন রাজনৈতিক দলের পক্ষে নয়, বরং একেকজন স্বতন্ত্র প্রার্থী হন। এবার আগামী ১৭ অক্টোবর কানাডার পূর্বের নোভা স্কোশিয়া প্রদেশের রাজধানী হ্যালিফ্যাক্সের মিউনিসিপ্যাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে ই-ভোটিং দেওয়া যাবে।
হ্যালিফ্যাক্সের মিউনিসিপ্যাল নির্বাচনে ডিস্ট্রিক্ট টেনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় একজন সম্ভাবনাময় প্রার্থী মোহাম্মদ এহসান। তিনিসহ আটজন কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দীর্ঘ সময় তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ কানাডায় বসবাস করছেন। এহসান হ্যালিফ্যাক্সের ডালহৌসি ও একাডিয়া বিশ্ববিদ্যালয়ে কানাডীয় রাজনীতি, বিশ্বরাজনীতি ও প্রশাসনিক নীতিবিষয়ক খণ্ডকালীন শিক্ষকতা ও গবেষণা করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাঁর সরকার, রাজনীতি ও প্রশাসনিক নীতিবিষয়ক একাধিক গুরুত্বপূর্ণ প্রকাশনা রয়েছে।
এহসান শিক্ষকতার পাশাপাশি কানাডার ইমিগ্রান্ট বা অভিবাসী জনগণ ও বৃহত্তর জনকল্যাণের স্বার্থে দীর্ঘ সময় কানাডার মূলধারার রাজনীতি ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। কোভিড-১৯ মহামারির শুরু থেকে‘স্ট্রঙ্গার টুগেদার ইনিশিয়েটিভ’ ও স্থানীয় ‘স্কয়ার রুটস’ সংগঠনের সঙ্গে যৌথভাবে দুস্থ ও বয়স্কদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহে কাজ করছেন। তাঁর নির্বাচনী প্ল্যাটফর্মে যুব উন্নয়ন, বয়স্ক ও শারীরিকভাবে বিশেষ চাহিদার জনগণের জন্য যোগাযোগ ব্যবস্থার বিকাশ, দূষণমুক্ত পরিবেশ ও শিশু-কিশোরদের পার্ক ও বিনোদন কেন্দ্রবিকাশ, পরিবেশদূষণ হ্রাস, স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থার বিকাশ, নারী উন্নয়ন ও নির্যাতন প্রতিরোধে কমিউনিটি নিরাপত্তা কেন্দ্রসহ নানা বিষয় থাকেছে।
হ্যালিফ্যাক্সে ডিস্ট্রিক্ট টেনে ভোটার সংখ্যা ১৯ হাজার। এহসান, তাঁর পরিবার এবং প্রচার টিম নির্বাচনী এলাকায় প্রতিদিন ভোটারদের দুয়ারে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে স্থানীয় দুটি ক্যাফেতে উন্মুক্ত মতবিনিময় ও আলোচনার আয়োজন করেছেন। এই আয়োজনে ডিস্ট্রিক্ট টেনের ভোটার তাঁদের স্থানীয় সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেছেন। তিনি ভোটারদের কাছে তাঁর নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
এহসান জানান, নির্বাচিত হলে তিনি দক্ষ ও জবাবদিহিমূলক স্থানীয় মিউনিসিপ্যাল সরকার ও কানাডার রাজনীতি সচেতন প্রজন্ম সৃষ্টির অঙ্গীকার নিয়ে কাজ করবেন। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়দের তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।