হ্রদের তলদেশে বাগদানের আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় বংশোদ্ভূত যুগলকে বাগদানের আংটি বুঝিয়ে দিচ্ছেন ডুবুরি অ্যাঙ্গাস হসকিং
ছবি: সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত যুগলকে বাগদানের

আংটি বুঝিয়ে দিচ্ছেন ডুবুরি অ্যাঙ্গাস হসকিং। ছবি: সংগৃহীতবাগদানের পর ছবি তুলতে গিয়েছিলেন হ্রদের ধারে। হঠাৎ কনের হাত থেকে বাগদানের আংটি খুলে পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি সেটা। ডাকা হয় ডুবুরি। সাগর সেচে মুক্তা আনার মতো হ্রদের তলদেশ থেকে হারানো আংটি উদ্ধার করে দেন দক্ষ ডুবুরি। পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহের শুরুতে যুক্তরাজ্যের সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ উইন্ডারমেরে বেড়াতে যান ভারতীয় বংশোদ্ভূত ভিকি প্যাটেল (২৫) ও রেবেকা চৌকরিয়া (২৬)। সেখানেই হিরে ও হোয়াইট গোল্ডের তৈরি আংটি পরিয়ে রেবেকাকে বিয়ের প্রস্তাব দেন ভিকি। রাজি হয়ে যান রেবেকা।

বাগদান স্মরণীয় করে রাখতে দুই দিন পর গত ২৪ মে আবার ওই হ্রদে ছবি তুলতে যান ভিকি ও রেবেকা। জেটিতে ছবি তোলার এক ফাঁকে রেবেকার আঙুল থেকে বাগদানের আংটি খুলে হ্রদে পড়ে যায়। দ্রুত আংটির সন্ধানে নামেন তাঁরা। কিন্তু কিছুতেই হারানো আংটির সন্ধান পাচ্ছিলেন না।

ভিকি বলেন, ‘বাগদানের আংটি হারিয়ে আমাদের মন খুব খারাপ হয়েছিল। হ্রদের তলদেশে কিছু দেখা যাচ্ছিল না। অগত্যা ডুবুরি ডাকতে হয়। উদ্ধারকারী হিসেবে এগিয়ে আসেন অ্যাঙ্গাস হসকিং।’ ২১ বছর বয়সী এই ডুবুরি বলেন, ‘হ্রদের তলদেশে অনেক কাদা ছিল। সেখানে আপনি একটি কয়েন ফেললেও তা কাদায় গেঁথে যাবে। আংটিটি খুঁজে পেতে আমাকে রীতিমতো হ্রদের নিচের কাদামাটি হাতড়াতে হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে ২০ মিনিটের চেষ্টায় সেটা খুঁজে পাওয়া যায়।’

বাগদানের হারানো আংটি উদ্ধারের পর ডুবুরি হসকিংয়ের ভূয়সী প্রশংসা করেন ভিকি। তিনি বলেন, ‘সে একজন অসাধারণ মানুষ। আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। বাগদানের আংটি খুঁজে পেয়ে রেবেকা ভীষণ আপ্লুত।’