১ ডলারে বাড়ি ভাড়া!
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি প্রত্যন্ত ও প্রায় জনশূন্য শহরে সাপ্তাহিক ভিত্তিতে মাত্র এক ডলারে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে। সিডনি থেকে ৩৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত শহরটির নাম ট্রান্ডল। কর্তৃপক্ষ বলেছে, লোকজনের উপস্থিতি নিশ্চিত করে শহরটিকে বাঁচিয়ে রাখতেই সেখানে এত সস্তায় ঘরভাড়ার ব্যবস্থা রাখা হয়েছে।ট্রান্ডল শহরের বর্তমান জনসংখ্যা ৩৮০। বছরের পর বছর খরা চলার কারণে সেখানে চাষবাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এ কারণে লোকজন বাড়িঘর ছেড়ে বড় বড় শহরে চলে যায়। তাদের ঘরবাড়ি এখন ফাঁকা পড়ে আছে। তবে স্থানীয় লোকজন বলেছে, সম্প্রতি সেখানে বৃষ্টি হওয়ায় এখন গমসহ বিভিন্ন ধরনের ফসল ফলতে শুরু করেছে।শহর কর্তৃপক্ষ ‘ট্রি চেঞ্জ মুভমেন্ট’ নামের একটি প্রচারণা শুরু করেছে। তারা খরাপীড়িত ও জনশূন্য শহরটিকে আবার শস্যশোভিত ও কোলাহলমুখর করে তুলতে চায়। ট্রি চেঞ্জের মুখপাত্র শেরি কুয়েড বলেছেন, ট্রান্ডল শহরটি মরে যাচ্ছে। তাঁরা ওই জনপদকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, এ শহরে একটি খনি আছে। এ ছাড়া সেখানে আরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।বেন কেরিন নামের এক স্থানীয় খামারি বলেছেন, এখানে এমন বাড়িও আছে, যেখানে দশ বছর ধরে কোনো মানুষ বাস করে না। তাই তাঁরা নামমাত্র ভাড়ায় সেখানে বাস করার জন্য লোকজনকে আমন্ত্রণ জানাচ্ছেন। বিবিসি ও এবিসি নিউজ অনলাইন।