১০ জনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নির্বাচন কমিশন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ১০ জনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে। প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনজনের আবেদনও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মিসরের সাবেক গোয়েন্দাপ্রধান ওমর সোলায়মান, মুসলিম ব্রাদারহুড নেতা খাইরাত এল-শাতের ও সালাফিস্ট দলের নেতা হাজেম আবু ইসমাইল। তাঁদের প্রার্থিতা পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন তাঁরা। এসব আবেদনের ব্যাপারে নির্বাচন কমিশন গত মঙ্গলবার দিনভর বৈঠক করে। গতকাল বুধবার কমিশন নিশ্চিত করে যে ১০ জনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে কায়রো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তাফা কামাল আল-সাইয়েদ বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ, এতে সবচেয়ে বিতর্কিত প্রার্থীদের নির্বাচন থেকে সরে যেতে হবে। নির্বাচন কমিশন প্রেসিডেন্ট পদপ্রার্থী ১০ জনের প্রার্থিতা গত শনিবার বাতিলের ঘোষণা দেয়। খাইরাত এল-শাতেরের প্রার্থিতা বাতিলের ব্যাপারটি আগে থেকেই আঁচ করতে পেরেছিল মুসলিম ব্রাদারহুড। দলটি তাই একজন ‘বিকল্প প্রার্থী’ দিয়েছিল। মোহাম্মদ মরসি নামের ওই প্রার্থী ব্রাদারহুডের শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) চেয়ারম্যান। তাঁর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। সন্ত্রাস ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে এল-শাতের গত বছর কারাভোগ করেন। সাজা পাওয়ার পর ছয় বছর অতিবাহিত না হওয়ায় আইন অনুযায়ী তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। তিনি টুইটার বার্তায় লিখেছেন, ‘আইনের অজুহাতে আমাকে নির্বাচনী লড়াই থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’ পরে কায়রোয় শত শত সমর্থকের উদ্দেশে শাতের বলেন, বিপ্লবের অর্জন ধরে রাখতে হবে। নির্বাচন নিয়ে প্রহসন ও ভোট কেনার চক্রান্ত চলছে।অপরদিকে দেশের মোট ১৫টি প্রদেশের সবগুলো থেকে প্রয়োজনীয় সমর্থন সংগ্রহে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী সোলায়মানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া মায়ের অন্য দেশের নাগরিকত্ব থাকায় আবু ইসমাইলের প্রার্থিতা বাতিল করা হয়েছে।মিসরে আগামী ২৩ ও ২৪ মে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এএফপি।