১০ জনের মৃত্যুদণ্ড চাইবে রাজ্য সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যে দাঙ্গায় করা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া বিজেপির সাবেক মন্ত্রী মায়া কোদনানি ও বজরং দলের নেতা বাবু বজরংগিসহ ১০ আসামির মৃত্যুদণ্ডাদেশ চাইবে গুজরাট সরকার। গতকাল বুধবার বার্তা সংস্থা পিটিআইয়ের এক খবরে এ কথা বলা হয়।খবরে বলা হয়, ২০০২ সালের গুজরাট দাঙ্গার ঘটনায় করা মামলায় বিশেষ আদালত ১০ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন রাজ্য সরকার ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রাজ্যের আইন শাখা তিনজন আইনজীবীর সমন্বয়ে একটি প্যানেল গঠন করেছে। সংশ্লিষ্ট আইনজীবীদের এ মামলার রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। ওই আপিলে মায়া কোদনানিসহ ১০ আসামির মৃত্যুদণ্ডের আবেদন করতে বলা হয়েছে। গুজরাটে ২০০২ সালে ভয়াবহ দাঙ্গা হয়। ওই দাঙ্গায় সহস্রাধিক মুসলমান নিহত হয় বলে অভিযোগ রয়েছে। দাঙ্গার দায়ে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া বিজেপির সাবেক মন্ত্রী মায়া কোদনানি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সমালোচকেরা বলছেন, দাঙ্গার ঘটনায় নিজের দায় মুছে ফেলতে নরেন্দ্র মোদি ১০ আসামির দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।বিশ্লেষকেরা বলছেন, মোদির নজর এখন জাতীয় নেতৃত্বের দিকে। তাঁকে বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। পিটিআই।