
নাগরিকদের সমস্যা সমাধানের একটি পদ্ধতি প্রণয়নের জন্য ১০ দিন সময় চেয়েছেন দিল্লির নবনিযুক্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর লোকজনের ক্ষোভ ও সমস্যা শুনে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আম আদমি পার্টির (এএপি) এই নেতা। মাত্র আগের দিন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া কেজরিওয়াল গতকাল রোববার জানান, একটি পদ্ধতি দাঁড় করানোর পর তিনি লোকজনের অভাব-অভিযোগ শুনবেন। তিনি বলেন, ‘আমি আপনাদের মিথ্যা আশ্বাস দিতে চাই না। সমস্যা সমাধানের জন্য একটি পদ্ধতি দাঁড় করানোর পরই কেবল আমি আপনাদের আবেদন গ্রহণ করব।’
গতকাল গাজিয়াবাদে কেজরিওয়ালের বাসার সামনে অসংখ্য মানুষ ভিড় জমায়। এ সময় তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, এ ধরনের একটি পদ্ধতি গড়ে তুলতে জনগণের সহায়তা দরকার। তাঁদের সহায়তা ছাড়া তিনি কোনো সমস্যারই সমাধান করতে পারবেন না। এএপির নেতা বলেন, ‘আমরা কেবল ক্ষমতায় এলাম। আপনাদের সমসাগুলো সমাধানের জন্য একটি পদ্ধতি দাঁড় করাতে সাত থেকে ১০ দিন সময় লাগবে।’
কেজরিওয়ালের বাসার সামনে জড়ো হওয়া লোকজনের মধ্যে ছিলেন ভারতের প্রত্যক্ষ কর কোডের (ডিটিসি) কর্মী এবং বাল্মীকি সম্প্রদায়ের লোকজন। ডিটিসির কর্মীরা এবং পৌর করপোরেশনের লোকজন এসেছিলেন তাঁদের সংস্থায় চুক্তি পদ্ধতির অবসান ঘটানোর দাবি নিয়ে। তাঁদের আরেকটি দাবি ছিল, যাঁরা বছরের পর বছর ধরে কাজ করছেন, তাঁদের চাকরি স্থায়ী করা।
প্রথম পদক্ষেপেই নয়জনকে বদলি: কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাজ শুরুর প্রথম ঘণ্টায় প্রশাসনে তোলপাড় তোলেন। প্রথম দিনের ছয় ঘণ্টার মধ্যেই নয়জন জ্যেষ্ঠ বর্ষীয়ান আমলাকে বদলি করেছেন তিনি। এর মধ্যে রয়েছেন দিল্লি পানি বোর্ডের প্রধান নির্বাহী। দিল্লিবাসীকে পরিবারপিছু দৈনিক ৭০০ লিটার পানীয় জল সরবরাহ করা এএপির একটি অঙ্গীকার ছিল।
মুখ্যমন্ত্রী কেজরিওয়াল প্রথম দিন টানা ছয় ঘণ্টা কাজ করেছেন। অনেকগুলো বৈঠক করেছেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন, নেতা-মন্ত্রী-আমলা কেউই লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না। মন্ত্রী-আমলারা অযথা কোনো নিরাপত্তা নিতে পারবেন না।
মুখ্যমন্ত্রীর সচিব বদল করে এ দায়িত্ব দেওয়া হয়েছে রাজেন্দ্র কুমারকে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের প্রধান সচিব ছিলেন এম এম কুট্টি। তাঁকে সরিয়ে সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক করা হয়েছে। নয়াদিল্লির মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান অর্চনা অরোরার ওপর ভরসা রেখেছেন কেজরিওয়াল। তাঁকে অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
গত শনিবার দুপুরে দিল্লির সর্বকনিষ্ঠ ও সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কেজরিওয়াল।
সংখ্যাগরিষ্ঠতা দেখাবেন ২ জানুয়ারি: কেজরিওয়াল আগামী শনিবার দিল্লি বিধানসভায় তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা দেখাবেন। সরকারি এক বিবৃতিতে গতকাল এ কথা জানানো হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী হিসবে দায়িত্ব নেওয়ার পর কেজরিওয়াল সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন বিধানসভার প্রথম অধিবেশন আগামী ১ জানুয়ারি শুরু হবে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অধিবেশন শুরুর পর প্রথম দিনেই বিধায়কেরা শপথ নেবেন। এরপর ২ জানুয়ারি বিধানসভায় আস্থা ভোটের আয়োজন করা হবে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে ৩ জানুয়ারি। পিটিআই, টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।