১০ বছর ধরে লাদেনের অবস্থান জানা নেই: সিআইএর প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক লিওন প্যানেট্টা বলেছেন, আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনের প্রকৃত অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে সঠিক কোনো তথ্য নেই। প্রায় ১০ বছর আগে লাদেনের অবস্থান সম্পর্কে তাঁদের কাছে নিশ্চিত তথ্য ছিল। এখন পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত জনারণ্যে তিনি আত্মগোপন করে আছেন বলে তাঁদের ধারণা। গত রোববার এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওন প্যানেট্টা এসব তথ্য জানান।২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর বিধ্বংসী হামলা চালানোর জন্য ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়। সিআইএর প্রধান তাঁর সাক্ষাৎকারে বলেন, ২০০০ সালের পর লাদেনের সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি। লাদেনসহ আল-কায়েদা জঙ্গিদের দমনে ২০০১ সালে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বহুজাতিক বাহিনী আফগানিস্তানে আল-কায়েদাবান্ধব তালেবান সরকারকে উৎখাত করে। সে দেশে বহুজাতিক হামলার শুরুতেই বিন লাদেন তাঁর অনুসারীদের নিয়ে সরে যেতে সক্ষম হন বলে মনে করা হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ প্রকাশ্যে ওসামা বিন লাদেনকে জীবিত বা মৃত অবস্থায় ধরে আনার ঘোষণা দেন। টানা নয় বছরব্যাপী রক্তপাতের পর এখনো লাদেনকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে মার্কিন বাহিনী। লিওন প্যানেট্টা বলেন, আল-কায়েদার অবস্থান এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে দুর্বল। তবে ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে তাঁদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই বলে তিনি জানান। প্যানেট্টা বলেন, জঙ্গিগোষ্ঠীগুলো ক্রমাগত যুক্তরাষ্ট্রে হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাবে। এর মধ্যে তালেবান ও আল-কায়েদা নেতাদের অর্ধেককেই নির্মূল করা সম্ভব হয়েছে। আফগানিস্তানে এখন মাত্র ৫০ থেকে ১০০ জন আল-কায়েদার সদস্য সক্রিয় আছে। এদের নির্মূল করে সব ধরনের সন্ত্রাসী তৎপরতা বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রাখবে । সিআইএর প্রধান বলেন, আফগানিস্তানে শিগগির কোনো রাজনৈতিক সমঝোতা হওয়ার লক্ষণ নেই। তিনি মনে করেন, আফগানিস্তানে তালেবানসমর্থকদের আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে। আফগানসমাজের অংশ হিসেবে জঙ্গিবাদ পরিত্যাগ করলেই তাদের রাজনৈতিক সমঝোতার প্রতি ইচ্ছুক বলে মনে করা হবে। লিওন প্যানেট্টা বলেন, প্রত্যাশার চেয়ে তুলনামূলকভাবে জটিল ও মন্থর হয়ে গেছে আফগানযুদ্ধ। এখানে মূল বিষয় হচ্ছে, বিদেশি সেনারা দেশ থেকে চলে যাওয়ার পর জঙ্গিবিরোধী অভিযানের দায়িত্ব আফগানরা নিজেরাই নিতে পারবে কি না। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহযোগিতা লাভে একটি বিতর্কিত নিরাপত্তা কোম্পানির সঙ্গে সিআইএ চুক্তি করে। প্রতিষ্ঠানটির সাবেক নাম ছিল ‘ব্ল্যাকওয়াটার’। ১০ কোটি ডলারের এই চুক্তির সমর্থনে প্যানেট্টা বলেন, দরপত্রে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দুই কোটি ৬০ লাখ ডলার কম ছিল ওই কোম্পানির। এ জন্যই কাজটি তারা পায়। আফগানিস্তানের হেরাত ও মাজার-ই-শরিফে মার্কিন কনসুলেটে নিরাপত্তা রক্ষার জন্য এই কোম্পানিকে নিয়োগ করা হয়। ব্ল্যাকওয়াটারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০০৭ সালে বাগদাদে তাদের রক্ষীদের গুলিতে ১৭ জন নিরস্ত্র বেসামরিক লোক নিহত হয়। এর পর কোম্পানি নাম পাল্টে নতুন নাম ‘জে সার্ভিসেস’ রাখে। ২০০৯ সালে এই কোম্পানি ইরাক থেকে কর্মকাণ্ড গুটিয়ে নেয়।ইরান প্রসঙ্গে লিওন প্যানেট্টা বলেন, দুটি পরমাণু অস্ত্র তৈরি করার মতো স্বল্প মাত্রার যথেষ্ট ইউরেনিয়াম তারা জোগাড় করেছে। ২০১২ সালের শুরুর দিকে এই অস্ত্র তৈরি ও ব্যবহার উপযোগী করতে পারে তারা। তিনি বলেন, ইউরেনিয়াম পুরোপুরি সমৃদ্ধ করে একটি বোমা তৈরি করতে তাদের এক বছর লাগবে। আরেক বছর লাগবে এটি ব্যবহার উপযোগী করতে।