চলতি বছরের প্রথম ১০ মাসেই দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে অন্তত ১০০ জন সাংবাদিক, সংবাদকর্মী ও ব্লগার নিহত হয়েছেন। আর গত ১০ বছরে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন ছয় শতাধিক সংবাদকর্মী।জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। ‘সেফটি অব জার্নালিস্টস অ্যান্ড দ্য ডেঞ্জার অব ইমপিউনিটি’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশের পর ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেন, সাংবাদিক ও সংবাদকর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে শুধু নিহত হয়েছেন, তা নয়। অনেকেই আছেন, যাঁরা মারাত্মক আহত হয়েছেন। অনেকে হয়রানির শিকার হয়েছেন, কারাগারে দিন কাটিয়েছেন। তিনি জানান, চলতি বছর সিরিয়ার সংঘাতে ৩২ জন সাংবাদিক নিহত হন। এর পরেই নিহত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি সোমালিয়ায়। সেখানে এ বছর নিহত হয়েছেন ১৮ জন সাংবাদিক।সাংবাদিক ও সংবাদকর্মীদের হতাহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে ইরিনা বলেন, ‘সাংবাদিকদের কণ্ঠ রোধ করে ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে—এমন দুষ্টচক্রকে আমাদের ভেঙে ফেলতে হবে।’ দ্য নেশন।