১০ শহরে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কয়লাখনি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে ১০টি শহরে পুলিশের অভিযান গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। দেশটির শীর্ষ অপরাধ তদন্ত সংস্থা (সিবিআই) কয়লাখনি প্রকল্প পরিচালনাকারী পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছে। ওই পাঁচ প্রতিষ্ঠান ভুল তথ্য দিয়েছিল বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআইয়ের মুখপাত্র ধারিনি মিশ্র বলেন, গোয়েন্দারা এ পর্যন্ত কয়লাখনি-সংশ্লিষ্ট ৩০টি স্থান পরিদর্শন করেছেন। কয়লাখনি প্রকল্পগুলোর কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতারণায় জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, পাটনা, হায়দরাবাদ, ধানবাদ, নাগপুরসহ ১০টি শহরে অভিযানের পর সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলো কয়লাখনি প্রকল্প থেকে কী পরিমাণ মুনাফা করেছে, তা তদন্ত করছে সিবিআই।সিবিআই সূত্র জানায়, এফআইআরে নথিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: বিনি আয়রন অ্যান্ড স্টিল, নব ভারত স্টিল, জেএলডি যাবতমাল, জেএএস ইনফ্রাস্ট্রাকচার এবং এএমআর আয়রন অ্যান্ড স্টিল। এ ছাড়া ওই প্রতিষ্ঠানগুলোর পরিচালক ও অজ্ঞাতনামা সরকারি কর্মকর্তার নামও রয়েছে। জেএলডি যাবতমালের সঙ্গে কংগ্রেসদলীয় সাংসদ বিজয় দারদার পরিবারের সংশ্লিষ্টতা রয়েছে। তবে বিজয় দারদা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। এদিকে সরকারি প্রতিষ্ঠান সিবিআইয়ের অধীনে চলা তদন্তের নিরপেক্ষতা নিয়ে বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে ভারতের বর্তমান কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জইশবাল বলেছেন, সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআরই তা প্রমাণ করে। সরকারি হিসাব নিরীক্ষা বিভাগের এক প্রতিবেদনে গত মাসে জানানো হয়, কয়েকটি কয়লাখনি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে কম দামে বিক্রি করায় ভারত সরকার ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে তিন হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়েছে। কয়লাখনি প্রকল্পে দুর্নীতির অভিযোগ ভারতে বর্তমানে বহুল আলোচিত বিষয়গুলোর একটি। এই কেলেঙ্কারির অভিযোগে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিতে পার্লামেন্টে টানা কয়েক দিন অচলাবস্থা তৈরি করেছিল প্রধান বিরোধী দল বিজেপি। ওই কেলেঙ্কারির সময় ভারতের কয়লামন্ত্রীর অতিরিক্ত দায়িত্বে ছিলেন মনমোহন। তবে তিনি বিজেপির অভিযোগ প্রত্যাখ্যান করেন। ১৪২টি কয়লাখনি প্রকল্প বিক্রির সিদ্ধান্ত বাতিল করা হলেই কেবল পার্লামেন্টের কার্যক্রম চলতে দেওয়া হবে বলে বিজেপি জানিয়েছে। তবে সরকার এ ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয়। অর্থমন্ত্রী পি চিদাম্বরম বিজেপির দাবিকে ‘যথেষ্ট যৌক্তিক নয়’ বলে দাবি করেছেন। এএফপি, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।