পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় ১০ জন প্রত্যক্ষদর্শীর প্রতি সমন জারি করা হয়েছে। রাওয়ালপিন্ডির বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) গতকাল শনিবার এ সমন জারি করেন।
এটিসির বিচারক পারভেজ রসুলের আদালতে মামলাটির শুনানি হয়। সমন জারির পাশাপাশি বিচারক রসুল মামলাটিতে গ্রেপ্তার থাকা তিন অভিযুক্ত মোহাম্মদ রাফাকাত, হাসনাইন গুল ও আইৎজাজ শাহর পক্ষে দাখিল করা জামিন আবেদনের ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতি একটি নোটিশও জারি করেছেন। এরপর বিচারক মামলাটির শুনানি ২৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকতবাগে একটি জনসভায় ভাষণ দেওয়ার পর বোমা ও বন্দুক হামলায় নিহত হন বেনজির ভুট্টো। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল পারভেজ মোশাররফ। গত বছরের আগস্ট মাসে মোশাররফকে বেনজির হত্যা মামলায় অভিযুক্ত করা হয়। মামলাটিতে অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন রাওয়ালপিন্ডি শহর পুলিশের সাবেক কর্মকর্তা (সিপিও) সউদ আজিজ, তৎকালীন পুলিশ সুপার (এসপি) খুররম শাহজাদ, শের জামান ও আবদুল রাশিদ। ডন।