১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সামরিক বাজেট এই প্রথমবারের মতো ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় দেশটির সামরিক বাজেট বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ। চীন সরকার গতকাল রোববার এ বাজেট ঘোষণা করে।দুই দশক ধরে চীনের সামরিক বাজেট প্রতিবছর বেড়েই চলেছে। সামরিক খাতে বরাদ্দের ক্ষেত্রে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই চীনের স্থান। যুক্তরাষ্ট্র গত বছর এশিয়ায় তার প্রভাব বাড়ানোর ঘোষণা দেয়। মূলত এ অঞ্চলে চীনের প্রভাবের বিপরীতে নিজের অবস্থান দৃঢ় করতে যুক্তরাষ্ট্র এ উদ্যোগ নেয়। যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার পরের বছরই চীনের সামরিক বরাদ্দ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেল।চীনের পার্লামেন্টের কর্মকর্তা লি ঝাওসিং এই সামরিক বাজেট ঘোষণা করেন। তিনি বলেন, ‘চীন শান্তিপূর্ণভাবে উন্নয়ন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আমরা রক্ষণাত্মক জাতীয় প্রতিরক্ষা নীতি অনুসরণ করছি। ১৩০ কোটি জনসংখ্যার দেশ চীনের বিশাল ভূখণ্ড ও দীর্ঘ সমুদ্রসীমা রয়েছে। সেই বিবেচনায় কিন্তু অন্য দেশের তুলনায় আমাদের সামরিক বরাদ্দ কম।’জিডিপির তুলনা করলে অবশ্য চীনের সামরিক বরাদ্দ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় অনেক কম। চীন গত বছর প্রথমবারের মতো স্টিলথ জঙ্গি বিমানের পরীক্ষা চালায়। এ ছাড়া নিজেদের তৈরি বিমানবাহী রণতরীর মহড়া দিয়েছে দেশটি। সামরিক খাতে চীনের বাজেট বৃদ্ধি পাওয়ার বিষয়টি প্রতিবেশী ফিলিপাইন, ভিয়েতনাম ও জাপানের জন্য উদ্বেগের বিষয়। কারণ, এ দেশগুলোর সঙ্গে চীনের সমুদ্র বা স্থলসীমা রয়েছে। এ ছাড়া তাইওয়ানের দিকে শত শত ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে চীন। চীনের সামরিক বরাদ্দ বৃদ্ধির বিষয়টি তাই তাইওয়ানের জন্যও উদ্বিগ্ন হওয়ার বিষয়। বিবিসি।