১০০ গাড়ির সংঘর্ষ, দুজন নিহত
কুয়াশাচ্ছন্ন সড়কে প্রায় ১০০টি গাড়ির সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারাতে পারত। কিন্তু ব্যতিক্রমী ওই সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান আশঙ্কার চেয়ে কমই বলা যায়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোমন্ট এলাকায় গত বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত গাড়ির স্তূপ থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি লরি ভেঙে গিয়ে একটি অপরটির ওপর আছড়ে পড়ে। জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট ধারণা পাননি।খেলাধুলার সরঞ্জামবাহী একটি গাড়ির যাত্রী এক নারী ও এক পুরুষ ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন। একটি ট্রাক্টর তাঁদের বহনকারী গাড়িটিকে ধাক্কা মেরেছিল। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল আট ঘণ্টা বন্ধ ছিল।জেফারসন কাউন্টির শেরিফের দপ্তরের কর্মকর্তা রড ক্যারল বলেন, দুর্ঘটনাটি ছিল ভয়াবহ। গাড়িগুলো একটি আরেকটির ওপর উঠে গিয়েছিল। দুর্ঘটনায় আহত যাত্রীদের সাহায্যে অন্যান্য গাড়ির যাত্রীরা এগিয়ে এসেছিল। বিবিসি।