১০০ নারী বলবেন তাঁদের নিজের কথা
তাঁদের বাড়ি বিশ্বের বিভিন্ন প্রান্তে, পেশার দিক দিয়েও বৈচিত্র্যময় তাঁরা। কেউ গান-বাজনা করেন, কেউ কাজ করেন মানুষের জীবন বাঁচাতে। অন্যরা ব্যবসা পরিচালনা, লেখালেখি, ধর্মপ্রচার, অভিনয়, কৌতুক ইত্যাদির সঙ্গে জড়িত। তবে একদিক থেকে মিল রয়েছে, তাঁরা সবাই নারী।
বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা পেশায় নিয়োজিত ১০০ জন নারী তাঁরা। নিজ নিজ ক্ষেত্রে এই সফল নারীরা কাল শুক্রবার মিলিত হবেন যুক্তরাজ্যের লন্ডনে। তাঁদের একত্র করার উদ্যোগ নিয়েছে বিবিসি। বিবিসির সদর দপ্তরে জড়ো হবেন এই নারীরা। বর্তমান বিশ্বে নারীর অবস্থান সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরবেন।
অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশি শিল্পোদ্যোক্তা রুবানা হক। তিনি দেশের অন্যতম বৃহৎ পোশাকপ্রস্তুতকারী প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের বেশ কয়েকজন নারী রয়েছেন আমন্ত্রিতদের মধ্যে। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের কৌতুক অভিনেতা অদিতি মিত্তাল, ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশলী দিব্য শর্মা, যুক্তরাজ্যভিত্তিক পাকিস্তানি লেখিকা কামিলা শামসি প্রমূখ। বিবিসি।