১০০ বছর পর মার্ক টোয়েনের আত্মজীবনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র পাঁচ মাস পরই প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের কালজয়ী ঔপন্যাসিক মার্ক টোয়েনের আত্মজীবনী। তিন খণ্ডে প্রকাশিতব্য এই আত্মজীবনীর প্রথম খণ্ড প্রকাশ করা হবে আগামী নভেম্বর মাসে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলিতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বইটি প্রকাশ করবে। মার্ক টোয়েনের নির্দেশ অনুযায়ী তাঁর মৃত্যুর শতবর্ষ পর তা প্রকাশিত হবে। গতকাল সোমবার দ্য ইনডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়।আত্মজীবনীতে টোয়েনের জীবনের অপ্রকাশিত কিছু চমকপ্রদ ঘটনা থাকবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে ব্যক্তিগত সচিব ইসাবেল ভ্যান ক্লিক লিওনের সঙ্গে তাঁর সম্পর্ক। দুঃসাহসী টম সয়্যার ও ডানপিটে হাকলবেরি ফিনের মতো বিখ্যাত চরিত্র সৃষ্টি করে বিশ্বজুড়ে অগণিত পাঠকের মনে ঠাঁই করে নিয়েছেন মার্ক টোয়েন। এই প্রিয় লেখকের জীবন নিয়ে ভক্ত-পাঠকদের কৌতূহলের অন্ত নেই। কিন্তু আজ পর্যন্ত মার্ক টোয়েনের বাস্তব জীবন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এই খ্যাতনামা লেখক শতাধিক বছর আগেই আত্মজীবনী লিখে গেছেন। পাণ্ডুলিপিটি সুরক্ষিত রয়েছে একটি সিন্দুকে। সিন্দুকটি রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। ১৯১০ সালের ২১ এপ্রিল মার্ক টোয়েন মারা যান। এ সময় তিনি হাতে লেখা আত্মজীবনীর প্রায় পাঁচ হাজার পৃষ্ঠার একটি অসম্পাদিত পাণ্ডুলিপি রেখে যান। সঙ্গে একটি চিরকুটও ছিল। এতে তাঁর আত্মজীবনী মৃত্যুর কমপক্ষে ১০০ বছর পর প্রকাশ করার নির্দেশ রয়েছে। তিন খণ্ডের এই আত্মজীবনীতে প্রায় পাঁচ লাখ শব্দ রয়েছে। এটি মার্ক টোয়েনের জীবনের ওপর নতুন করে আলোকপাত করবে। কিছু পণ্ডিত ব্যক্তি মনে করেন, রাজনীতি ও ধর্ম সম্পর্কে অবাধে বলতে চেয়েছেন বলে তিনি আত্মজীবনী এত দিন আড়ালে রাখার সিদ্ধান্ত নেন। অন্যদের মতে, আত্মজীবনীতে এমন কিছু থাকতে পারে, যা টোয়েনের কোনো বন্ধুর মনোকষ্টের কারণ হতে পারে। কিন্তু ১০০ বছর পর আত্মজীবনী প্রকাশিত হলে সে ভয় নেই। এ জন্য তিনি এ সিদ্ধান্ত নেন। আত্মজীবনীর একটি অংশে লিওনের সঙ্গে টোয়েনের সম্পর্কের ব্যাপারে বিস্তারিত রয়েছে। ১৯০৪ সালে স্ত্রী অলিভিয়া মারা যাওয়ার পর লিওনকে নিজের সচিব নিয়োগ করেন তিনি। পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, লিওনের সঙ্গে টোয়েনের ঘনিষ্ঠতা এতই বেশি ছিল যে, একবার লিওন তাঁকে একটি একান্ত ব্যক্তিগত জিনিস উপহার দেন। এমন জিনিস অতি ঘনিষ্ঠ না হলে কেউ দিতে পারে না। ১৯০৯ সালে লিওনকে বরখাস্ত করেন টোয়েন। এ ব্যাপারে টোয়েনের অভিযোগ, তাঁর সম্পত্তির ব্যাপারে আইনগত ক্ষমতা আদায়ে তাঁকে সম্মোহন করেন লিওন। বার্কলিতে যে দলটি টোয়েনের বই প্রকাশের দায়িত্বে রয়েছে, এর প্রধান রবার্ট হার্স্ট বলেন, ‘লোকজন আমাকে জিজ্ঞেস করে, মার্ক টোয়েন সত্যিই কি ১০০ বছর পর তাঁর আত্মজীবনী প্রকাশ করার কথা বলেছিলেন? আমি তখন বলি, তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি জানতেন, কীভাবে লোকজনকে দিয়ে বই কেনাতে হয়।’ হিন্দুস্তান টাইমস অনলাইন