১০০ বছর পর মার্ক টোয়েনের পুরো আত্মজীবনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালজয়ী ঔপন্যাসিক মার্ক টোয়েনের মৃত্যুর ১০০ বছর পর তাঁর আত্মজীবনীর বাকি অংশ প্রকাশিত হচ্ছে আজ সোমবার। প্রকাশনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এতে উঠে এসেছে টোয়েনের জীবনের বহু অজানা তথ্য। এতে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিগত নারী সহযোগী ইসাবেল ভ্যান ক্লিক লিওন সম্পর্কে বিষোদ্গার করেছেন মার্ক টোয়েন। আর সেটাই বিতর্কের ঝড় তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।সংবাদমাধ্যম জানিয়েছে, মার্ক টোয়েন তাঁর জীবদ্দশায় একটি পত্রিকায় ধারাবাহিকভাবে আত্মজীবনী লিখেছিলেন। প্রকাশিত ওই লেখাগুলো নিয়ে ৩০৭ পৃষ্ঠার একটি ভলিউম প্রকাশিতও হয়েছিল। তবে শেষ দিকে এসে তিনি আর কোনো পত্রিকা বা প্রকাশনা সংস্থার কাছে আত্মজীবনীর বাকি অংশের পাণ্ডুলিপি দেননি। মৃত্যুর আগে একটি প্রকাশনা সংস্থার সঙ্গে তিনি এই চুক্তি করেন যে তাঁর মৃত্যুর ১০০ বছর পর ছাড়া তা ছাপানো যাবে না। ১৯১০ সালে মার্ক টোয়েনের মৃত্যু হয়। সেই হিসাবে ১০০ বছর পূর্ণ হওয়ায় বইটির বাকি অংশ প্রকাশ করা হচ্ছে। নতুন এই ভলিউমে আরও নতুন ৪২৯ পৃষ্ঠা যুক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন বইয়ের পৃষ্ঠাসংখ্যা দাঁড়িয়েছে ৭৩৬।ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলেছে, অপ্রকাশিত অংশে মার্ক টোয়েন তাঁর একান্ত সহকারী ইসাবেল ভ্যান ক্লিক লিওনকে ‘শঠ, চোর, মাতাল, প্রতারক, চক্রান্তকারিণী ও নোংরা মেয়েমানুষ’ বলে রীতিমতো গালি দিয়েছেন। স্ত্রী মারা যাওয়ার পর মার্ক টোয়েন ইসাবেলকে তাঁর সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা বা আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দেন। তবে এর দুই বছর পরই তিনি তা প্রত্যাহার করে নেন।টোয়েনের অপ্রকাশিত পাণ্ডুলিপিতে মার্ক টোয়েন দাবি করেছেন, ইসাবেল তাঁকে ‘দুই-তিন বছর’ ধরে মোহগ্রস্ত করে রেখেছিলেন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি তাঁকে নিয়ন্ত্রণ করেছিলেন। ওই সময় তিনি প্রভাবিত হয়ে তাঁকে আমমোক্তারনামা দিয়েছিলেন। তবে ইসাবেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কোন পর্যন্ত গড়িয়েছিল, সে বিষয়ে তিনি পরিষ্কার কোনো ধারণা দেননি। ডেইলি টেলিগ্রাফ-এর সাংবাদিক ও সংবাদ-বিশ্লেষক ফিলিপ শেরওয়েল বলেছেন, মার্ক টোয়েন ইসাবেলের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করেছেন, তা ১০০ বছরের পুরোনো ক্ষতকে আবার জাগিয়ে দিয়েছে। এটা টোয়েনের ব্যক্তিগত চরিত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।১৮৩৫ সালের ৩০ নভেম্বর মার্ক টোয়েন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্ম নেন। ১৯১০ সালের ২১ এপ্রিল তাঁর মৃত্যু হয়। দি অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন, দি অ্যাভেঞ্চারস অব টম সয়ার, দি প্রিন্স অ্যান্ড দ্য পপারসহ তাঁর বহু বিশ্বখ্যাত গ্রন্থ প্রধান প্রধান প্রায় সব ভাষাতেই অনূদিত হয়েছে। দি টেলিগ্রাফ অনলাইন।