১০৫ বছর বয়সে চাকরির জন্য আবেদন
ভারতের রাজস্থানে ছেলেমেয়েরা ভরণপোষণ না দেওয়ায় ১০৫ বছর বয়সী এক অসহায় বাবা পেটের দায়ে সরকারের কাছে চাকরি চেয়ে আবেদন করেছেন। রাজস্থানের বুন্ডি জেলার গালিয়াকুনওয়া গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধের নাম রঞ্জিত গুর্জ্জর। বয়সের ভারে ন্যুব্জ রঞ্জিত কাজ করতে অক্ষম হলেও স্থানীয় কর্তৃপক্ষ তাঁকে চাকরি দেওয়া না-দেওয়া নিয়ে দ্বিধায় পড়ে গেছে। খবর পিটিআই অনলাইনের।কর্মকর্তারা বলেছেন, সোমবার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের (এমএনআরইজিএ) আওতায় রঞ্জিত গুর্জ্জর চাকরির জন্য নয়না পঞ্চায়েত সমিতির কার্যালয়ে দরখাস্ত করেন। এমএনআরইজিএ চাকরিবিধিতে সব বেকারের চাকরি নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু সেখানে কোনো বয়স সীমা উল্লেখ নেই। সে দৃষ্টিকোণ থেকে তাঁকে কাজ দিতে কোনো আইনগত বাধা নেই। তবে প্রবীণ রঞ্জিত এতটাই দুর্বল যে তাঁর কাজ করার ক্ষমতা নেই। এ অবস্থায় পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা তাঁকে কাজ দেওয়া হবে কি না সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ চেয়েছেন।