১০৬ কোটি টাকায় বিক্রি হলো বইটি

বিশ্বের প্রথম মুদ্রিত বইয়ের একটি দুর্লভ কপি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত নিলামে এক কোটি ৪০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ১০৬ কোটি ৮৭ লাখ ৪৯ হাজার টাকা। বইয়ের ইতিহাসে এটি সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড।
আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে আজ বুধবার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ‘দ্য বে সাম বুক’ নামের বইটি নিলামে ওঠার মাত্র কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়।
নিলামকারী প্রতিষ্ঠান সথবাই জানিয়েছে, ৬০ লাখ মার্কিন ডলার দিয়ে নিলামে ডাক শুরু হয়। টেলিফোনে সর্বোচ্চ এক কোটি ৪০ লাখ মার্কিন ডলারের কিছু বেশি দামে বইটি কিনে নিয়েছেন মার্কিন কোটিপতি বিনিয়োগকারী ডেভিড রুবেনস্টেইন।
এক কোটি ৫০ লাখ থেকে তিন কোটি মার্কিন ডলার দামে বইটি বিক্রি হবে বলে আশা করেছিল নিলামকারী প্রতিষ্ঠান।
১৬৪০ সালে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে ৩০০ পৃষ্ঠার এই বইটি প্রথম ছাপা হয়। এটি ব্রিটিশ শাসিত আমেরিকার প্রথম মুদ্রিত ও ইংরেজি ভাষার বই।
প্রথম সংস্করণে প্রায় এক হাজার ৭০০ কপি ছাপা হয়েছিল। এখন টিকে আছে মাত্র ১১টি কপি। ওই কপিগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন লাইব্রেরি ও জাদুঘরে সংরক্ষিত আছে। বিক্রি হওয়া কপিটির মালিক ছিল বোস্টনের ওল্ড সাউথ চার্চ কর্তৃপক্ষ। তাদের মালিকানায় বইয়ের আরেকটি কপি বোস্টন গণগ্রন্থাগারে সংরক্ষিত আছে। বাকি কপিটি বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৯৪৭ সালের পর এই প্রথম দুর্লভ ওই বইয়ের একটি কপি নিলামে উঠছে। আর এটাই হতে পারে এই বইয়ের শেষ নিলাম।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির কিউরেটর মাইকেল ইনম্যানের মতে, বইটি আকর্ষণীয় নয়। মানও সন্তোষজনক নয়। তবে ইতিহাসবিদদের মতে, এটি খুব দুর্লভ একটি বই। তা ছাড়া একটি জাতির জন্ম-পরিচয়ের প্রতীকও এই বই। মুদ্রণ সূচনার প্রতীক এটি। এই বইয়ে তথ্যের অবাধ-প্রাপ্তি, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতার ধারণার কথা উল্লেখ আছে। এসব বিষয় বিপ্লবে প্রেরণা জুগিয়ে যুক্তরাষ্ট্রের জন্ম দিয়েছে।
এর আগে ২০১০ সালে জন জেমস আদুবনের ‘বার্ডস অব আমেরিকা’ বইটি সর্বোচ্চ এক কোটি ১৫ লাখ ডলারে বিক্রি হয়। ১৯৪৭ সালে ‘দ্য বে সাম বুক’-এর একটি কপি এক লাখ ৫১ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।