৯/১১-এর মতো ফের হামলা হলে যুক্তরাষ্ট্র উচিত শিক্ষা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মাটিতে ৯/১১-এর মতো আবার সন্ত্রাসী হামলা হলে ওয়াশিংটন বোমা হামলা চালিয়ে তার জবাব দেওয়ার পরিকল্পনা করেছে। এ পরিকল্পনার আওতায় আল-কায়েদার পরিচিত সব আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। নতুন প্রকাশিত একটি বইয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ওবামাস ওয়ার নামে এ বই লিখেছেন প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, আল-কায়েদার সব আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্রে পাল্টা হামলা চালানো হবে। কিছু কিছু জায়গা আছে, যেখানে হয়তো এখন আর আল-কায়েদার কর্মতৎপরতা নেই। তার পরও সেখানে বোমা হামলা চালানো হবে। সেসব স্থানে কারা আছে, তা যুক্তরাষ্ট্র দেখবে না।বইটিতে আরও বলা হয়েছে, এ ধরনের হামলার শাস্তিস্বরূপ যুক্তরাষ্ট্র অন্তত ১৫০টি বা তারও বেশি আল-কায়েদার প্রশিক্ষণকেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করেছে। মার্কিন গণমাধ্যমের খবর, আল-কায়েদার এসব আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্রের বেশির ভাগই পাকিস্তানের উপজাতীয় এলাকায় অবস্থিত। উডওয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালের সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে মুম্বাই হামলার মিল খুঁজে পান। এর পরই যুক্তরাষ্ট্রের এই গোপন পাল্টা হামলার কথা ফাঁস হয়ে যায়। উডওয়ার্ড বলেন, মুম্বাই হামলার পর জর্জ ডব্লিউ বুশ জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে ওভাল অফিসে ডেকে পাঠিয়েছিলেন। তিনি নিরাপত্তা উপদেষ্টাদের বলেছিলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ ঠেকাতে কী কী করা যায়, তার পরিকল্পনা ও করণীয় সবকিছু করুন।’ বইটিতে বলা হয়েছে, ‘বুশ তখন বলেছিলেন, এটা ৯/১১-এর সন্ত্রাসী হামলার মতো। পাকিস্তানি সন্ত্রাসীদের এ হামলার জবাবে যুক্তরাষ্ট্রের কোনো “যুদ্ধ” পরিকল্পনা নেই। তবে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের মাটিতে এ ধরনের হামলা চালালে কোনো ছাড় নেই। সন্ত্রাসীদের “উচিত শিক্ষা” দেওয়া হবে।’সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের এক কড়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বইটি প্রকাশ করা হয়েছে। হিলারি বলেছেন, পাকিস্তানে ফের ৯/১১-এর মতো সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র হলে তার পরিণতি হবে ভয়াবহ। পিটিআই।