‘৯/১১-এর মতো সন্ত্রাসী হামলার সামর্থ্য নেই আল-কায়েদার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, ৯/১১-এর মতো সন্ত্রাসী হামলা চালানোর সামর্থ্য নেই আল-কায়েদার। সংগঠনটির নেতৃত্বকাঠামো ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। আল-কায়েদার ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র মনে করে, ওই সংগঠনটিকে অব্যাহত চাপে রাখার প্রয়োজন আছে।মেরিল্যান্ডের নৌ-বিমানঘাঁটিতে গত শুক্রবার এক বক্তব্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘৯/১১-এ যে ঘটনা আমরা দেখেছি, সে ধরনের হামলার পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য নেতৃত্ব ও নিজেদের একত্র করার সাংগঠনিক কাঠামো এখন আর আল-কায়েদার নেই।’যুক্তরাষ্ট্র সফলভাবে আল-কায়েদার নেতৃত্বকাঠামো ধ্বংস করতে সক্ষম হয়েছে। শুধু ওসামা বিন লাদেনই নন, অন্য শীর্ষস্থানীয় নেতাদেরও নির্মূল করা গেছে। তার পরও সংগঠনটির কার্যকারিতা হ্রাসে এর নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। লিওন প্যানেট্টা বলেন, ‘তাঁরা (আল-কায়েদা) যেখানেই যাবে আমাদেরও সেখানে যাওয়ার প্রয়োজন আছে, হতে পারে তা ইয়েমেন অথবা সোমালিয়া অথবা উত্তর আফ্রিকা। আমাদের কাজের মাধ্যমে তাদের সামর্থ্য দুর্বল করা হবে।’ তিনি বলেন, ‘আফগানিস্তানে আমরা ভালো অগ্রগতি অর্জন করেছি। লিবিয়ায় যুক্তরাষ্ট্র ন্যাটোর একটি সফল মিশনের মাধ্যমে মুয়াম্মার গাদ্দাফির শাসনের অবসান ঘটাতে পেরেছে।’ পিটিআই।