১১ গল্প বলিয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল্পবলিয়ের গল্প বলার আসর। ছবি: প্রথম আলো
গল্পবলিয়ের গল্প বলার আসর। ছবি: প্রথম আলো

ভিন্ন ধর্ম ও ভাষার ১১ জন গল্প বলিয়ে। নানা ঢঙে তাঁরা শোনালেন জীবন ও অভিজ্ঞতার গল্প, রূপকথার গল্প, ধর্মীয় বা পৌরাণিক গল্প। গত শুক্রবার পূর্ব লন্ডনের রিচমিক্স মিলনায়তনে হয়ে গেল গল্প বলার এমনই এক অনন্য আয়োজন।

নানা ঢঙে তাঁরা শোনালেন জীবন ও অভিজ্ঞতার, রূপকথার, ধর্মীয় ও পৌরাণিক গল্প। সেই গল্পের মধ্যে ছিল কখনো ভয়, কখনো হাসি আবার কখনোবা সুখ-দুঃখ। সব ছাপিয়ে এই আয়োজনে ফুটে উঠেছে সম্প্রীতির জয়গান। ধর্মীয় বা সাংস্কৃতিক ভিন্নতার কারণে বিভাজন নয়; বরং বৈচিত্র্যই ছিল এই পরিবেশনার মূল লক্ষ্য।

বাংলাদেশি–অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে নভেম্বর মাসব্যাপী চলছে বাংলা নাট্যোৎসব ‘সিজন অব বাংলা ড্রামা’। এই উৎসবের অংশ হিসেবে গল্পের ওই পরিবেশনা নিয়ে হাজির হয় পূর্ব লন্ডনকেন্দ্রিক গল্পকথক গোষ্ঠী ‘ইস্ট’। কখনো সম্মিলিতভাবে, কখনো এককভাবে চলল গল্প বলা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পূর্ব লন্ডনের ব্লাইন্ড বেগারের (অন্ধ ফকির) জীবন উঠে এল সেসব গল্পে। দুই ঘণ্টাব্যাপী এই আয়োজনে গল্পের ফাঁকে ফাঁকে চলল ছড়া, গান আর ধাঁধা। বিভিন্ন দেশের ভাষার উপস্থিতি থাকলেও মূল পরিবেশনা চলে ইংরেজিতে। বিরতিতে গল্প বলিয়েরা নিজেদের আনা দেশীয় খাবার উপভোগ করেন।

প্রায় চার বছর আগে বাংলাদেশি বংশোদ্ভূত ইসলাম ধর্মাবলম্বী কবি ও লেখক শামীম আজাদ, ইসরায়েলের বংশোদ্ভূত ইহুদি, ব্রিটিশ মূলধারার অভিনেতা সেফ টাউনসেন্ড এবং ইংল্যান্ডের খ্রিষ্টান ধর্মাবলম্বী নাট্য নির্দেশক ও মিউজিশিয়ান পল বার্জেস ‘ইস্ট’ নামের সংগঠনটি গড়ে তোলেন। পূর্ব লন্ডনের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি এখানে বসবাসরত বহু জাতিগোষ্ঠীর গল্প সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার করাই সংগঠনটির কাজ।

কবি শামীম আজাদ প্রথম আলোকে বলেন, মানুষের ধর্ম, বর্ণ ও সংস্কৃতি ভিন্ন হলেও আবেগ সবার সমান। প্রত্যেকটি দেশের মানুষের জীবন-সংগ্রাম, সুখ-দুঃখের অনুভূতিগুলোও একই। ‘ইস্ট’–এর কাজ বহু সংস্কৃতির গল্প কথকদের যুক্ত করে মানুষের মধ্যে সম্প্রীতি ও অন্ত্যমিলের বিষয়গুলো প্রচার করা। তারা সহাবস্থান ও ঐক্যের কথা বলে বেড়ায়।

ব্রিটিশ মূলধারার অভিনেতা সেফ টাউনসেন্ড প্রথম আলোকে বলেন, ‘সমাজের বিভক্তিগুলো বিভিন্ন গোষ্ঠীর তৈরি। মানুষ হিসেবে যে সবাই সমান সেই সম্প্রীতি প্রচারই আমাদের কাজ।’