১১ বছর ধরে মেরকেলের ফোনে মার্কিন নজরদারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেলা মেরকেল
অ্যাঙ্গেলা মেরকেল

জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হওয়ার আগেই ২০০২ সাল থেকে অ্যাঙ্গেলা মেরকেলের মুঠোফোনে গোপনে নজরদারি করছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। প্রভাবশালী জার্মান সাময়িকী ‘ডের স্পিগেল’-এর বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ রোববার এ খবর জানিয়েছে।
‘ডের স্পিগেল’ দাবি করছে, তারা এনএসএর গোপন নথি দেখেছে। নথিতে ২০০২ সালের মুঠোফোন নম্বরের তালিকায় অ্যাঙ্গেলা মেরকেলের নম্বরও দেখা গেছে। ওই সময় মেরকেল জার্মান চ্যান্সেলর ছিলেন না। চলতি বছর মার্কিন নজরদারিতে থাকা ব্যক্তিদের নামের তালিকায়ও মেরকেলের নাম আছে।
‘ডের স্পিগেল’ জানায়, এনএসএর গোপন নথি থেকে মেরকেলের মুঠোফোনে নজরদারি সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানা সম্ভব হয়নি।
আগামী সপ্তাহে মার্কিন গোপন নজরদারির বিষয়ে আলোচনা করতে জার্মান গোয়েন্দাপ্রধানেরা ওয়াশিংটন যাবেন। মার্কিন গোয়েন্দাদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ নিয়ে ইউরোপজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত শুক্রবার জার্মানি ও ফ্রান্স জানায়, তারা আশা করছে এ বছরের শেষে
যুক্তরাষ্ট্র আর কোনো গুপ্তচরবৃত্তি না করার চুক্তিপত্রে স্বাক্ষর করবে। মেরকেলের ফোনে আড়িপাতার পাশাপাশি এনএসএ জার্মানি ও ফ্রান্সের কয়েক লাখ নাগরিকের ফোনে আড়ি পাতে বলে দাবি করেছে ‘ডের স্পিগেল’।