১১ বছর হেঁটে বিশ্বভ্রমণ
মধ্যবয়সের বিষণ্নতা কাটাতে হাঁটতে বেরোলেন তিনি। তার পর ১১ বছর ধরে একটানা হেঁটে গোটা বিশ্বই চক্কর দিয়ে ফেললেন। এই বিশ্বভ্রমণকারী ব্যক্তিটি হলেন কানাডার মন্ট্রিলের বাসিন্দা জাঁ বেলিভো।রাজধানী অটোয়া হয়ে আগামী ১৬ অক্টোবর মন্ট্রিলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। এতগুলো বছরে কিছুটা রোগা হয়ে গেছেন বেলিভো। খানিকটা ধূসর হয়েছে মাথার চুল। তবে তিনি উপভোগ করেছেন পরিপূর্ণ মুক্তির আনন্দ। খাওয়া ও থাকার জন্য মাঝেমধ্যে থামতে হয়েছে তাঁকে। তবে এ নিয়ে কোনো মাথাব্যথা ছিল না। যেখানে রাত, সেখানেই কাত— বিশ্বভ্রমণে এই ছিল তাঁর জীবন।২০০০ সালের ১৮ আগস্ট ৪৫তম জন্মদিনে ঘর ছেড়ে হাঁটতে শুরু করেন বেলিভু। ব্যবসা লাটে উঠে তখন দেউলিয়া তিনি। তাঁর ভাষ্য, জীবনের সেই কঠিন অধ্যায় থেকে মুক্তি পেতেই তিনি বিশ্বভ্রমণে বের হন। যুক্তরাষ্ট্রের আটলান্টা ও জর্জিয়া হয়ে তাঁর পদচারণ চলে বিশ্বের ৬৪ দেশের ৭৫ হাজার কিলোমিটার পথে। ভীষণ ভালো লেগে গিয়েছিল মেক্সিকো, তাই সেখানে ছিলেন নয় দিন। মুখভরা দাড়ি ও পাগড়িতে তিনি নতুন বেশ ধরেছিলেন সুদানে। পোকামাকড় খেয়েছেন আফ্রিকায়। দক্ষিণ কোরিয়া ও চীনে গিয়ে কুকুর আর সাপের মাংস খাওয়ার অভিজ্ঞতা হয়েছে। ফিলিপাইনে পৌঁছার পর তাঁকে স্বাগত জানিয়েছিল সশস্ত্র সেনা দল। পথে যে কোনো বিপদ হয়নি, তা নয়। আলজেরিয়ায় গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন বেলিভু, ছিনতাইকারীদের কবলে পড়েন দক্ষিণ আফ্রিকায়। ইথিওপিয়ায় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই আটক করা হয় তাঁকে। পর দিনই অবশ্য মুক্তি পেয়ে যান। এএফপি।