প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে বেকারত্বের হার এখন ১১ বছরের মধ্যে সর্বনিম্নে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগের কার্যালয় (ওএনএস) থেকে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। গত মার্চ পর্যন্ত তিন মাসে বেকারত্বের হার ছিল ৫ দশমিক ১ শতাংশ। এপ্রিলে তা নেমে ৫ শতাংশ হয়েছে। ২০০৫ সালের পর এই হার সর্বনিম্ন। যুক্তরাজ্যের ইইউ জোটে থাকা না-থাকা নিয়ে ২৩ জুনের গণভোটের আগে এই পরিসংখ্যানকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এপ্রিলের হিসাবে দেখা যায়, দেশটিতে বেকার লোকের সংখ্যা কমে ১৬ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। আর্থিক সেবা কোম্পানি হারগ্রিভস ল্যান্সডাউনের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বেন ব্রিটেল বলেন, গণভোটের আগে অনিশ্চয়তার মধ্যে অর্থনৈতিক ধীরগতির মধ্যে শ্রমবাজারে ভালো অবস্থা লক্ষ করা যাচ্ছে, যা সত্যিই অপ্রত্যাশিত। এএফপি