৯/১১ সন্ত্রাসী হামলার বিচার শুনানিকালে বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯/১১ সন্ত্রাসী হামলার আত্মস্বীকৃত পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদ এবং তাঁর চার সহযোগীর বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। কিউবার গুয়ানতানামো বে মার্কিন বন্দিশালার বিশেষ সামরিক আদালতে গত শনিবার তাঁদের হাজির করার পর ওই অভিযোগ আনা হয়।এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বিচার শুরুর প্রথম দিনই আদালতকক্ষে দারুণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দীর্ঘ নয় ঘণ্টার শুনানিকালে অভিযুক্তরা আদালতের কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান।আদালতে খালিদ শেখ মোহাম্মদ ও অপর অভিযুক্তরা নিজেদের নির্দোষ কিংবা দোষী, কোনোটিই দাবি করেননি। আদালতের পরবর্তী শুনানিতে এ ব্যাপারে তাঁদের জবাব দেওয়ার আহ্বান জানানো হবে। শুনানিকালে অভিযুক্তরা কোনো প্রশ্নের উত্তর না দেওয়ায় আগামী ১২ জুন পর্যন্ত বিচার মুলতবি করা হয়েছে। চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সবাই মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন। নিউইয়র্ক, ওয়াশিংটন ও শাঙ্কসভিলে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ভয়াবহ ওই হামলায় দুই হাজার ৯৭৬ জন নিহত হন।বিবাদীদের বিরুদ্ধে ‘হামলার ষড়যন্ত্র, বেসামরিক ব্যক্তিদের ওপর আক্রমণ, হত্যা, যুদ্ধ আইন লঙ্ঘন, ধ্বংসযজ্ঞ সাধন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে ওই হামলাই ছিল সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। হামলায় খালিদ শেখ (৪৭) ছাড়াও অপর অভিযুক্ত ব্যক্তিরা হলেন: তাঁর পাকিস্তানি ভাগনে আলী আবদ আল-আজিজ আলী ওরফে আমর আল-বালুচি, সৌদি নাগরিক মুস্তফা আল-হাওসাবি, ইয়েমেনের রামজি বিনালশিভ ও ওয়ালিদ বিন আত্তাশ। অভিযুক্ত ব্যক্তিরা তিন বছর পর গত শনিবারই প্রথমবারের মতো জনসমুখে উপস্থিত হন। কিন্তু তাঁরা নয় ঘণ্টার বেশি সময় ধরে চলা শুনানিতে আদালতের প্রশ্নের জবাব না দিয়ে নিশ্চুপ থাকেন। পরে রামজি বিনালশিভ আকস্মিক চিৎকার করে বিচারক জেমস পলের উদ্দেশে বলেন, ‘সম্ভবত আপনারা আমাদের আর দেখতে পাবেন না। কেননা, আপনারা আমাদের হত্যা করতে চলেছেন।’ বিচারকালে সাদা রঙের লম্বা জামা পরিহিত পাঁচ অভিযুক্তের কেউ কেউ সাদা পাগড়িও পরেছিলেন। আদালতের কর্মকর্তাদের কারও সঙ্গেই তাঁরা কথাবার্তায় আগ্রহী ছিলেন না। এ সময় অভিযুক্তদের কাউকে কোরআন পাঠে, কাউকে মাটির দিকে তাকিয়ে থাকতে কিংবা প্রার্থনায় কাটাতে দেখা যায়। আদালতে হাজির করার সময় পাঁচজনের মধ্যে বিন আত্তাশ হাতকড়া পরা অবস্থায় ছিলেন। অবশ্য বিচারক পলের নির্দেশে পরে তাঁর হাতকড়া খুলে দেওয়া হয়। খালিদ শেখের আইনজীবী ডেভিড নেভিন আদালতকে বলেন, তাঁর মক্কেল তিন বছর আগেই ৯/১১ হামলার পুরো ঘটনায় স্বীকৃতিমূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু বর্তমান বিচার-প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকায় তিনি সম্ভবত এই শুনানিতে কোনো বক্তব্য দিতে চাচ্ছেন না।বিচারকাজ ইংরেজিতে চলায় তা তরজমা করে শোনানোর ব্যবস্থা করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তিরা এয়ারফোনে এটি শুনতে অস্বীকৃতি জানান। অস্বীকৃতির কারণে বিচারকাজে খানিকটা বিলম্বও ঘটে। পরে আরবি দোভাষীর মাধ্যমে বিচারকাজ উপস্থাপন করা হলে সমস্যার অবসান ঘটে। গোটা কার্যক্রম নিয়মমাফিক শেষ করতে বিচারককে বেশ ধকল সইতে হয়।শুনানির সময় ১০ জন সাংবাদিক ও অভিযুক্তদের কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন। পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনার এক বছর পর এই শুনানি অনুষ্ঠিত হলো।প্রেসিডেন্ট বারাক ওবামা অভিযুক্তদের ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বেসামরিক আদালতে বিচার করার উদ্যোগ নেওয়ার চেষ্টা করলে মার্কিন জনগণ ও কংগ্রেস এর তীব্র বিরোধিতা করে। এরপর গুয়ানতানামোর সামরিক আদালতেই তাঁদের বিচার করার সিদ্ধান্ত হয়।অভিযুক্ত পাঁচজনের সবাই বেশ কয়েক বছর ধরে কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন নৌঘাঁটিতে বন্দিজীবন কাটাচ্ছেন। এঁদের মধ্যে খালিদ শেখকে ২০০৩ সালে আটক করা হয়। তিনি তিন বছর মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন শিবিরে আটক ছিলেন। এএফপি ও বিবিসি।